ওয়াশিংটন, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়াশিংটন সোমবার গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপ নিয়ে কোপেনহেগেন সম্মেলনের প্রথম দিনেই আলোচনায় গতি সঞ্চার করেছে।
গ্রিনহাউজ গ্যাস নির্গমন জনস্বাস্থ্যের ক্ষতি করছে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা 'ইপিএ'। এ রায়ের ফলে ইপিএ সিনেটে আইন পাশ ছাড়াই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর বিষয়টি নির্ধারণ করা বা নির্গমন কমানোর নির্দেশ দিতে পারবে বলে মনে করা হচ্ছে।
সিনেটে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর একটি বিল নিশ্চল হয়ে আছে। এ পরিস্থিতিতে 'এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি' (ইপিএ) গ্রিনহাউজ গ্যাস নির্গমনকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘোষণা করে কংগ্রেসকে একটি জোরালো সংকেত পাঠালো।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সচিবালয়ের প্রধান ইভো ডা বোয়ার কোপেনহেগেনে রয়টার্সকে বলেন, "এটি এই অর্থে খুবই গুরুত্বপূর্ণ যে, সিনেট গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আইন পাসে ব্যর্থ হলে প্রশাসন বিষয়টি হাতে নেওয়ার ক্ষমতা পাবে।"
কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন চলার মধ্যে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা একে স্বাগত জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24