কোপেনহেগেন, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------- ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ৭-১৮ ডিসেম্বরের জলবায়ু সম্মেলনে সব সদস্যদেশের সম্মতিতে একটি চুক্তি হবে বলে আশাবাদী জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
একটি ড্যানিশ পত্রিকায় রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে বান এ আশা প্রকাশ করেন।
জাতিসংঘের এ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন ১৯০ টি দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কিয়োটো প্রটোকল পরবর্তী নতুন একটি চুক্তি করা সম্মেলনের লক্ষ্য। কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হচ্ছে ২০১২ সালে।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের কার্যালয়ে বান ডেনমার্কের 'বার্লিংস্ককে তিদেনদে' পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, "আমি কোপেনহেগেন নিয়ে খুবই আশাবাদী।"
তিনি আরও বলেন, "আমরা একটি চুক্তিতে উপনীত হতে পারব এবং এতে জাতিসংঘের সব সদস্যদেশই সই করবে বলে আমার বিশ্বাস। যা একটি ঐতিহাসিক ব্যাপার।"
তিনি বলেন, "আমাদের উপযুক্ত রাজনৈতিক স্পৃহা আছে। সব দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যই এক। আর তা হচ্ছে বিশ্ব ঊষ্ণায়ন ঠেকানো। এই লক্ষ্য অর্জনে কিভাবে ব্যবস্থা নিতে হবে সেটিই এখন নির্ধারণ করা বাকী।"
কোপেনহেগেন সম্মেলনে যোগ দিতে যাওয়া বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছার চেষ্টা নেবেন।
শক্ত রাজনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত জলবায়ু চুক্তি করতে ডেনমার্ক গত মাসে জাতিসংঘের ১৯২ টি সদসদেশকে কোপেনহেগেন সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের নেতা ওয়েন চিয়াপাও এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ১০৫ টি দেশের নেতারা অমন্ত্রণ গ্রহণ করেছে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের এ উদ্যোগ আলোচনায় গতি সঞ্চার করবে উল্লেখ করে বান বলেন, এতগুলো দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ সম্মেলনে আমরা স্পষ্টতই চুক্তিতে উপনীত হতে পারব। প্রথমে একটি রাজনৈতিক চুক্তি হবে। এর পরপরই হবে আইনগতভাবে বাধ্যবাধকতামূলক চুক্তি। আমি নির্দ্বিধায় বলতে পারি যে, আমরা তা পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩১ ঘ.
bdnews24