২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে উদ্বেগজনকহারে বাড়ছে ক্যান্সার, বিকলাঙ্গ শিশু

ইরাকে অস্ত্রের ঝনঝনানি কমে এলেও প্রকট আকার ধারণ করছে স্বাস্থ্য সমস্যা। ক্যান্সারের রোগী, বিকলাঙ্গ শিশুর সংখ্যা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা ইতোমধ্যেই মারাত্মকভাবে বেড়েছে। ইরাকের কর্মকর্তারা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

বাগদাদ, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকে অস্ত্রের ঝনঝনানি কমে এলেও প্রকট আকার ধারণ করছে স্বাস্থ্য সমস্যা। ক্যান্সারের রোগী, বিকলাঙ্গ শিশুর সংখ্যা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা ইতোমধ্যেই মারাত্মকভাবে বেড়েছে। ইরাকের কর্মকর্তারা একথা বলেছেন। যুদ্ধে বছরের পর বছর ধরে অস্ত্রের ব্যবহার থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা এবং পরিবেশ দূষণ ঠেকাতে না পারাই এর কারণ বলে মনে করছেন অনেকেই। ইরাকের বসরা নগরীর ক্যান্সার বিশেষজ্ঞ জাওয়াদ আল আলি বলেছেন, "আমরা নতুন ধরনের ক্যান্সার দেখছি। যেমনটি ইরাকে ২০০৩ সালের যুদ্ধের আগে দেখা যায়নি। যেমন: তন্তুুর ক্যান্সার (সফট টিস্যু) এবং হাড়ের ক্যান্সার। তেজস্ক্রিয়তা থেকেই যে এ ধরনের ক্যান্সার হচ্ছে তা স্পষ্ট।" ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর মার্কিন সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াইস্থল ফাল্লুজা নগরীতে বেড়ে গেছে বিকলাঙ্গ, পঙ্গু ও মৃত শিশুর জন্ম। যুক্তরাষ্ট্র ও কোয়ালিশন বাহিনীর অস্ত্রে ইউরেনিয়াম ব্যবহার থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা ইরাকে এই মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা। ইরাকে বিশেষত বসরায় কয়েক বছরের যুদ্ধে শিল্প ও কৃষি মারাত্মক দূষণের শিকার হয়েছে। ক্যান্সারের সুনির্দিষ্ট কোনও কারণ খুঁজে পাওয়াও এখন ডাক্তারদের জন্য দুস্কর। ইরানের পরিবেশ মন্ত্রণালয়ের তেজস্ক্রিয়তা প্রতিরোধ বিভাগের কর্মকর্তা বুশরা আলী জানান, " বসরার দক্ষিণে ২০০ স্কয়ার কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে যুদ্ধের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। এর কিছু অংশ ইউরেনিয়াম দূষিত বলে তাদের কাছে তথ্য আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৬ ঘ.