নয়াদিল্লি, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০২০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমন ২৪ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত। সরকার আপাতত কার্বন নির্গমন হ্রাসের এ পরিসংখ্যান দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
২০৩০ সাল নাগাদ ২০০৫ সালের তুলনায় কার্বন নির্গমন ৩৭ শতাংশ কমানোর ব্যাপারেও ভারত আশাবাদী। সরকারের বিভিন্ন দপ্তরের বিচার-বিশ্লেষণের পর কার্বন নির্গমন কমানোর এই মাত্রা নির্ধারিত হয়েছে।
এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে ভারত খুব সম্ভবত চূড়ান্ত লক্ষ্যমাত্রা পেশ করবে।
সরকারি কয়েকটি সূত্র বলেছে, পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বৃহস্পতিবার পার্লামেন্টে একটি বিবৃতি দেবেন। এতে তিনি এ লক্ষ্যমাত্রা ঘোষণা করতে পারেন।
এর আগে চীন ২০০৫ সালের তুলনায় ২০২০ সাল নাগাদ মাথাপিছু জিডিপির জন্য কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করে। চীনের এ ঘোষণায় কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ঘোষণার চাপে পড়ে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫১ ঘ.
bdnews24