ওয়াশিংটন, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে বাড়তি ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করে আইনপ্রণেতাদের উদ্বেগ এবং নিজদলের মধ্য থেকেই বিরোধিতার কঠিন পরিস্থিতিতে পড়েছেন।
ওবামার জাতীয় নিরাপত্তা টীম বুধবার কংগ্রেসে তার আফগানিস্তানে সেনা পাঠিয়ে যুদ্ধ আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা নিয়ে আইনপ্রণেতাদের সংশয় এবং উদ্বেগের কথা জানিয়েছে।
আফগানিস্তানে সেনা নিহতের সংখ্যা এবং বিপুল যুদ্ধ ব্যয়ের কারণে ৮ বছরের যুদ্ধ জনপ্রিয়তা হারিয়েছে। এ পরিস্থিতিতে আগামী বছরের কংগ্রেস নির্বাচনের আগে আফগানিস্তানে ওবামার আরও বাড়তি সেনা পাঠানোর এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন খোদ ডেমোক্র্যাট পার্টির বামপন্থি নেতারা।
কিন্তু বাড়তি সেনা আফগানিস্তানে তালেবানদের পরাজিত করে মার্কিন সেনাদের সেখান থেকে বের হয়ে আসার পথ করে দেবে বলেই ওবামা আশা করছেন।
মঙ্গলবার টেলিভিশনের ভাষণে ওবামা বলেন, তালেবানদের বিরুদ্ধে লড়াই জোরদার করে গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপদ করা এবং আফগান বাহিনীকে প্রশিক্ষিত করে তাদের হাতে নিরাপত্তাভার ছেড়ে দিয়ে আফগানিস্তান থেকে বের হয়ে আসাই তার মার্কিন সেনা বাড়িয়ে ১ লাখের কাছাকাছি নিয়ে আসার উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের মিথ্রদেশগুলোও আফগানিস্তানে আরও সেনা পাঠাবে বলে আশা করা হচ্ছে। ওবামা বলেছেন, বিশ্বে সবার নিরাপত্তা ঝুঁকির মুখে আছে।
ওবামা ১৮ মাস পর মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনা শুরু করার প্রতিশ্র"তি দিয়েছেন। তার এ প্রতিশ্র"তি ডেমোক্র্যাট দলে বিরোধিতা প্রশমনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
কিন্তু ২০১১ সালের জুলাইয়ে সেনা ফিরিয়ে আনার পরিকল্পনার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন রিপাবলিকানরা। রিপাবলিকান হোয়ার্ড ম্যাককেওন বলেন, সব মার্কিনিই চায় মিশন সফলভাবে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব সেনারা দেশে ফিরুক। কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করেই নতুন করে সেনা মোতায়েন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রিপাবলিকানদের মতে, সেনা দেশে ফেরানোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলে এতে তালেবানরা উৎসাহিত হবে এবং আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন সমর্থিত সরকারের সমর্থন ক্ষুন্ন হবে।
আফগান পরিকল্পনা নিয়ে ওবামা দ্বিধাদ্বন্দ্বে ভূগছেন বলে সমালোচকদের তিনমাসের সমালোচনার পর শেষ পর্যন্ত সেনা বাড়ানোর এ পরিকল্পনা জানালেন তিনি। এ সিদ্ধান্ত ওবামার জন্য রাজনৈতিক দিক থেকে ঝুঁকিপূর্ণ।
ওবামার এ নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে বুধ ও বৃহস্পতিবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে শুনানি চলবে। চলতি অর্থবছরে এ পরিকল্পনায় মোট ব্যয় ধরা হয়েছে ৩০ বিলিয়ন ডলার (১৮ বিলিয়ন পাউন্ড)। কমান্ডার ইন চীফ হিসাবে ওবামার সেনা পাঠানোর ক্ষমতা আছে। কিন্তু তহবিল অবশ্যই কংগ্রেসের অনুমোদন পেতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৩ ঘ.
bdnews24