ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে মঙ্গলবার কূটনীতি জোরদার করার আহ্বান জানিয়েছে চীন।
তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনায় পশ্চিমারা ক্ষুব্ধ হলেও নিষেধাজ্ঞা আরোপ লক্ষ্য নয় বলে মন্তব্য করেছে চীন।
ইরান নতুন ১০ টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টের পরিকল্পনা জানানোর পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাং এ মন্তব্য করলেন।
জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা আইএইএ গোপন পরমাণু কর্মসূচির জন্য ইরানকে তিরস্কার করে প্রস্তাবনা পাস করার দুই দিন পর ইরান নতুন ১০ টি প্ল্যান্টের কথা ঘোষণা করে।
চীন আইএইএ'র ওই প্রস্তাবনা নাকচ না করলেও বলেছে, ইরানের পরমাণু ইস্যু আলোচনার মধ্য দিয়েই সমাধান করা উচিত। এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে কিন বলেন, "বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষেরই উচিত জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৪ ঘ.
bdnews24