২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে আল-কায়েদার বিরুদ্ধে কঠোর হতে হবে: ব্রাউন

পাকিস্তানকে আল-কায়েদার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। একইসঙ্গে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার চেষ্টাও জোরদার করতে বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানকে আল-কায়েদার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। একইসঙ্গে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার চেষ্টাও জোরদার করতে বলেছেন তিনি। ব্রাউন বলেন, আফগানিস্তানে ব্রিটিশ এবং কোয়ালিশন বাহিনীর তালেবান বিদ্রোহ সামাল দেওয়ার চেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও তাদের সীমান্তে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এক ব্রিটিশ কর্মকর্তা বলেছেন, ব্রাউন গতকাল আসিফ আলি জারদারিকে ফোন করে পাক বাহিনীর তালেবান বিরোধী অভিযানকে সমর্থন করেছেন। তবে তিনি বলেন, আল-কায়েদা নেতাদের বিরুদ্ধে তিনি আরও কঠোর ব্যবস্থা নিতে দেখতে চান। কর্মকর্তা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৃহস্পতিবার ব্রাউনের সঙ্গে দেখা করতে লন্ডনে আসবেন। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রাউন বলেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে অগ্রগতি হলেও দেশে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে এখনও অনেক বেশি কিছু করার আছে। স্কাই নিউজকে তিনি বলেন, ২০০১ সালের পর ৮ বছরে ওসামা বিন লাদেন কেন ধরা পড়েনি.................. এবং পাকিস্তান কর্তৃপক্ষ এ ব্যাপারে আরও বেশি কার্যকর কি করতে পারে-- সেটিই লোকজনের জিজ্ঞাসা। তিনি বলেন, পাকিস্তানে আল-কায়েদার ঘাঁটি আছে। এটি এখনও আছে। তারা বিদেশ থেকে দলে লোক ভেড়াতে সক্ষম। এ হুমকি মোকাবেলায় তারা সব পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে পাকিস্তান কর্তৃপক্ষকে আমাদেরকে আশ্বস্ত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৯ ঘ.