তেগুচিগালপা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ন্যাশনাল পার্টির প্রার্থী পোরফিরিও লোবো জয়ী হয়েছেন বলে দাবি করেছে দলটি। রোববারের নির্বাচনের বুথ ফেরত জরিপ ও ভোট গণনার প্রাথমিক ফলাফলে লোবো বিপুল ব্যবধানে এগিয়ে থাকার পর্যায়ে এ দাবি করা হল। (আরও তথ্যসহ)
অর্ধেকেরও বেশি ভোট গনণায় লোবো পেয়েছেন ৫৫ শতাংশ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন লিবারেল পার্টির এলভিন সান্তোস পরাজয় স্বীকার করে নিয়েছেন।
ওদিকে, লোবোর জয়ে উল্লাস করেছে তার সমর্থকরা। লোবোর ন্যাশনাল পার্টি পতাকা উড়িয়ে, নেচে নেচে জয়ের আনন্দ উদযাপন করেছে।
৬১ বছর বয়স্ক লোবো হন্ডুরাসকে রাজনৈতিক অচলবস্থা ও কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বের করে আনতে সান্তোসের চেয়ে অনেক বেশি সক্ষম হবেন বলেই মনে করা হচ্ছে।
হন্ডুরাসের সেনাবাহিনী জুনে বামপন্থী প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে উৎখাত করে নির্বাসনে পাঠানোর পর ৫ মাসের সঙ্কট এ নির্বাচনের মধ্য দিয়ে প্রশমিত হতে পারে।
বিজয়ী ভাষণে লোবো বলেন, আজ হন্ডুরাস সব সঙ্কট সমাধানে নিজের ভাগ্য নির্ধারণ করেছে। যে সঙ্কটে আমরাসহ আরও দুর্দশাগ্রস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াশিংটন হন্ডুরাসের এ ভোটের প্রশংসা করেছে। কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা ও অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশগুলোর বামপন্থী নেতারা বলছেন, সেনা অভ্যুত্থানের নেতারা এ নির্বাচন অনুষ্ঠান করায় এটির কোনও কার্যকারিতা নেই এবং এতে করে জেলায়ার ক্ষমতায় ফেরা এবং মেয়াদ শেষ করার সম্ভাবনা তিরোহিত হতে পারে। জেলায়ার মেয়াদ শেষ হওয়ার কথা জানুয়ারিতে।
জেলায়া এ নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, নির্বাচনে জয়ী ব্যক্তি সত্যিকারের প্রেসিডেন্ট হবেন না। জনগণ এবং বেশির ভাগ দেশের স্বীকৃতি ছাড়া তিনি একজন অত্যন্ত দুর্বল নেতা হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১২৫০ ঘ.
bdnews24