২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ১এন১ ফ্লুতে গত সপ্তাহে সহস্রাধিক মানুষ মরেছে: ডব্লিউএইচও

এইচ১এন১ ফ্লুতে গত এক সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। হঠাৎ বেড়ে যাওয়া এই মৃত্যুতে বিশ্বে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৭ হাজার ৮শ ২৬ জনে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

জেনেভা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইচ১এন১ ফ্লুতে গত এক সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। হঠাৎ বেড়ে যাওয়া এই মৃত্যুতে বিশ্বে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৭ হাজার ৮শ ২৬ জনে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একথা বলেছে। নতুন করে মারা যাওয়াদের অর্ধেকেরও বেশি জনের মৃত্যুর খবর জানিয়েছে আমেরিকা অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ বছর আগেভাগেই 'উইন্টার ফ্লু' হানা দিয়েছে উত্তর গোলার্ধে। এটি ক্রমেই ছড়িয়ে পড়ছে উত্তর আমেরিকা থেকে ইউরোপের বেশিরভাগ অঞ্চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,"যুক্তরাষ্ট্র এবং কানাডায় ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ ঘটছে দ্রুত এবং ব্যাপকহারে।" তারা আরও জানায়, "এ মুহূর্তে ইনফ্লুয়েঞ্জা যুক্তরাষ্ট্রের সব জায়গাতেই ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। কানাডার ক্ষেত্রেও ইনফ্লুয়েঞ্জার আক্রমণ একইরকম। তবে সেখানে প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃতের সংখ্যা বেড়ে চলছে।" সংস্থার শীর্ষস্থানীয় ফ্লু বিশেষজ্ঞ বৃহস্পতিবার বলেন," উত্তর গোলার্ধে ফ্লু সংক্রমণ চরম আকার ধারণ করেছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে ভাইরাস আক্রান্তের সংখ্যা কমতে এখনও কয়েক সপ্তাহ লেগে যাবে।" এইচ১এন১ মহামারী ইউরোপেও মারাত্মক আকার ধারণ করছে এবং ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার বহু খবরও পাওয়া যাচ্ছে। ডব্লিউএইচও জানিয়েছে, সুইডেন, নরওয়ে, মলদোভা এবং ইতালিতে সোয়াইন ফ্লুর প্রকোপ এরই মধ্যে বেড়ে গেছে। এ ভাইরাস ছড়িয়ে পড়ছে বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং সার্বিয়াতেও। পূর্ব এশিয়াতেও এ ভাইরাস সক্রিয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৩ ঘ.