বেজিং, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে উন্নত দেশগুলোকে চাপ দিতে ঐক্যফ্রন্ট গড়েছে চীন ও ভারতসহ উদীয়মান অর্থনীতির বড় বড় উন্নয়নশীল দেশগুলো।
আগামী মাসে অনুষ্ঠেয় কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য সাহায্য-সহযোগিতা এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে একটি গ্রহণযোগ্য মতৈক্যে পৌঁছতে উন্নত দেশগুলোকে চাপ দেবে এই ঐক্যফ্রন্ট।
বেজিংয়ে আয়োজিত দুই দিনের বৈঠক শেষে দেশগুলো জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে বিশ্ব ঊষ্ণায়ন মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অর্থ ও প্রযুক্তি সহায়তা পাওয়ার প্রয়োজনীয়তাসহ প্রধান প্রধান বিষয়গুলোতে তারা একমত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং সুদানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুদান উন্নয়নশীল দেশগুলোর গ্র"প-৭৭ এর বর্তমান চেয়ারম্যান।
চীন বিশ্বের শীর্ষ গ্রিনহাউজ গ্যাস নির্গামনকারী দেশ। অন্যদিকে, বিশ্বে ৪র্থ বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ ভারত। এদিক থেকে শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিলও।
তিনটি দেশই কার্বন নির্গমন কমানোর জন্য চাপের মুখে রয়েছে এবং এর লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছে। তারা এও বলেছে যে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা উল্লেখ করার মতো নয়।
ফলে কোপেনহেগেন সম্মেলনে ইতিবাচক, উচ্চাকাঙ্খী এবং সমতাভিত্তিক জলবায়ু চুক্তির জন্য ভূমিকা রাখা এবং এর প্রস্তুতি নিতে উন্নয়নশীল দেশগুলো শুক্র ও শনিবার সন্ধ্যায় ওই বৈঠক করে।
বিবৃতিতে বলা হয়, এ বৈঠক আমাদের শুভসূচনারই বহিঃপ্রকাশ এবং কোপেনহেগেনে সর্বসম্মতির লক্ষ্যে ভূমিকা রাখার মানসে আমরা একযোগে আগামী কয়েক দিন এবং কয়েক সপ্তাহ কাজ করে যাব।
কোপেনহেগেন সম্মেলনে কিয়োটো প্রটোকল পরবর্তী নতুন একটি ব্যাপকভিত্তিক এবং কঠোর আইনগত বাধ্যবধকতামূলক জলবায়ু চুক্তির রূপরেখা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্র নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর বিরোধে দুবছর আগে বালির জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়।
ধনী দেশগুলো এ মুহূর্তে কিয়োটো প্রটোকল পরবর্তী চুক্তি করা এবং পরের বছর গ্রিনহাউজ গ্যাস বাধ্যতামূলকভাবে কমানোর চুক্তি করার পক্ষপাতি। কিন্তু কয়েকটি উন্নয়নশীল দেশ এখনই গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোয় কঠোর পদক্ষেপ দাবি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৭ ঘ.
bdnews24