তেহরান, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিমারা পরমাণু কর্মসূচি নিয়ে বেশি চাপাচাপি করলে ইরানের পার্লামেন্ট জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা কমিয়ে দেওয়ার পথে এগুতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি রোববার একথা বলেছেন। (আরও তথ্যসহ)
গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট তৈরির জন্য ইরানকে তিরস্কার করে আইএইএ'র গভার্নিং বোর্ডের প্রস্তাবনা পাসের দু দিন পর লারিজানি এ হুঁশিয়ারি দিলেন। আইএইএ শুক্রবার ওই প্রস্তাবনা পাস করে। ইরান ইতোমধ্যেই এর নিন্দা জানিয়েছে।
পার্লামেন্টে লারিজানি বলেন, "পশ্চিমারা আমাদের ওপর চাপ দিতে থাকলে পার্লামেন্ট আইএইএ'র সঙ্গে কতটুকু সহযোগিতা করা হবে তা আবারও ভেবে দেখবে।"
তবে ইরানের রাষ্ট্রীয় বেতার এক খবরে জানিয়েছে, ইরানের এমপিরা ইতোমধ্যেই প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সরকারকে আইএইএ'র সঙ্গে সহযোগিতা কমানোর পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পার্লামেন্টে পড়ে শোনানো এক বিবৃতিতে এমপিরা বলেছেন, বিশ্বশক্তিগুলোর আচরণের কারণে সরকারের উচিত আইএইএ'র সঙ্গে সহযোগিতা কমানোর পরিকল্পনা জমা দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/১৫২৫ ঘ.
bdnews24