ব্রাজিল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে ধনী দেশগুলোকে অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোতে সাহায্য বাড়াতে হবে। কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু চুক্তিতে পৌঁছতে গেলে এটি জরুরি। ফ্রান্স এবং ব্রাজিলের প্রেসিডেন্ট বৃহস্পতিবার একথা বলেছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বলেন, চীন এবং যুক্তরাষ্ট্র গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ঘোষণা করায় অগ্রগতি হয়েছে। কিন্তু তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে দরিদ্র দেশগুলোকে আরও সাহায্য দেওয়া প্রয়োজন।
দরিদ্র দেশগুলোর স্বার্ববৌমত্ব ক্ষুন্ন না করে তাদেরকে এ সাহায্য দেওয়া প্রয়োজন বলে লুলা মন্তব্য করেন।
অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, কোপেনহেগেনেরও ধনী দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোতে তহবিল স্থানান্তর করা দরকার। আর এটি এখনই শুরু হওয়া প্রয়োজন।
ইউরোপীয় ইউনিয়নের হিসাবমতে, জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে বছরে ১০০ বিলিয়ন ডলারের তহবিল জোগান দিতে হবে। তবে উন্নয়নশীল দেশগুলো বলছে, ধনী দেশগুলোর উচিত তাদের মোট দেশজ উৎপাদনের ০ দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয় করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫২ ঘ.
bdnews24