কাবুল , নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তালেবানদের প্রতি শান্তির ডাক দিয়ে তাদেরকে দেশ পুনর্গঠনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
কাবুলে শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সাংবাদিকদের কারজাই বলেন, "আমি আরও একবার আমাদের তালেবান ভাইদের, হেজব-ই-ইসলামি এবং দূরদূরান্তের প্রত্যেককে, যারা দেশের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে, তাদের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিজ দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।
"যাতে করে আমরা আফগান জনগণ হাতে হাত মিলিয়ে আমাদের প্রিয় দেশকে একযোগে পুনর্গঠন করতে পারি এবং সমৃদ্ধি বয়ে আনতে পারি।"
হেজব ই-ইসলামি সাবেক সোভিয়েতবিরোধী গেরিলা কমান্ডার গুলবুদ্দিন হেকমতিয়ার এর অনুসারীদের দল। এ দলটি তালেবানদের সমর্থক।
কারজাই গত সপ্তাহে দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি স্থাপনের ডাক দেন। তার কার্যালয়ও জানায়, জঙ্গিদেরকে আগামী বছর লয়া জির্গা বা গ্র্যান্ড কাউন্সিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হতে পারে।
তবে বুধবার তালেবান নেতা মোল্লাহ ওমর কাবুলের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং আফগানদেরকে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৭ ঘ.
bdnews24