বেইজিং, নভেম্বর, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনে এইচআইভি ও এইডস আক্রান্তরা ব্যাপক বৈষম্যের শিকার হওয়ার পাশাপাশি অচ্ছুত হিসাবে পরিগণিত হচ্ছে। এমনকি চিকিৎসাকর্মীরাও কখনও কখনও তাদের ছুঁতে চায় না। শুক্রবার জাতিসংঘের এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
বেজিংয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইউএনএইডস এর হিসাব মতে, চীনে ৯৭ হাজার থেকে ১ লাখ ১২ হাজার মানুষ এইডস আক্রান্ত।
কিন্তু ইউএনএইডস এর নতুন রিপোর্টে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশের বেশি মানুষ বলেছে, তারা এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে বৈষম্যের শিকার হয়েছে। আর এক-দশমাংশেরও বেশি মানুষ বলেছে, তারা একবারের জন্য হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে।
চীনের এইডস কর্মী ইয়ু সুয়ান এক সাংবাদিক সম্মেলনে এ রিপোর্ট প্রকাশের সময় তার এক বন্ধুর বৈষম্যের শিকার হওয়ার কাহিনী বলেন। এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে ডাক্তাররা তার জরুরি অপারেশন করতে না চাওয়ায় সে মারা যায় বলে জানান ইয়ু।
ইয়ু বলেন, আর কাউকে যেন এমন ভাগ্য বরণ করতে না হয়।
চীনা সমাজে এইডস নিয়ে যথেষ্ট শিক্ষা এবং প্রচার না থাকায় জনসচেতনতার অভাবে এ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন চীনের উপ স্বাস্থ্যমন্ত্রী হুয়াং জেইফু। তিনি বলেন, লোকজন রোগটি সম্পর্কে যথেষ্ট জানে না। তারা মনে করে রোগীকে স্পর্শ করলে, কথা বললে, হাতে হাত মেলালে কিংবা একসঙ্গে বসে খেলে এইডস সংক্রমণ ঘটবে।
সরকার এই অজ্ঞতা দূর করার যথাসাধ্য চেষ্টা করবে বলে জানান জেইফু। তবে এটি খুব সহজে করা সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৮ ঘ.
bdnews24