ভিয়েনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের জ্বালানি চুক্তি পরিবর্তনের দাবি মেনে নেওয়া যায় না। কারণ, এতে করে ইরান পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট সমৃদ্ধ ইউরেনিয়াম হাতে রাখছে বলে সন্দেহ রয়ে যাবে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধান এল বারদি এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
বারাদি বুধবার রয়টার্সকে আরও বলেন, জাতিসংঘ পরিদর্শকদের কাছে ইরানে গোপন পরমাণু স্থাপনার কোনও প্রমাণ ছিল না। কিন্তু ইরানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার খবর প্রকাশ হয়ে পড়ার পর তেহরানের আচরণ নিয়ে সন্দেহ বেড়েছে।
১২ বছর পর আইএইএ'র মহাপরিচালকের পদ থেকে অবসরে যাওয়ার ৫ দিন আগে বারাদি বলেন, জ্বালানি পরিকল্পনায় ইরান দৃঢ় অবস্থান না নেওয়া পর্যন্ত পশ্চিমাদের অপেক্ষা করা উচিত। কারণ, ইরানের পরমাণু বোমার হুমকি এখনও আসন্ন নয়।
জাতিসংঘের আন্তর্জাতিক পরামণু শক্তি সংস্থা (আইএইএ)র উদ্যোগে প্রণীত খসড়া চুক্তিতে ইরানকে প্রায় ৭৫ শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম ফ্রান্স ও রাশিয়ায় পাঠানোর আহ্বান জানানো হয়। সেখানেই তা ইরানের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার উপযোগী জ্বালানিতে রূপান্তর করার কথা বলা হয় এতে। কিন্তু ইরান তা ইউরেনিয়াম বিদেশে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।
ওদিকে, চুক্তি নিয়ে ইরানের আরও আলোচনা ও সংশোধনীর আহ্বান ইতোমধ্যেই নাকচ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান সাড়া না দিলে কয়েক সপ্তাহের মধ্যেই তারা একগাদা পদক্ষেপের মুখে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৪ ঘ.
bdnews24