লান্দিকোটাল, পাকিস্তান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর জন্য রসদ পাঠানোর লাইনে হামলা পরিচালনাকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার অভিযানে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী ১৮ জঙ্গিকে হত্যা করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছে।
স্থলবেষ্টিত আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও অন্যান্য দেশের সেনাদের প্রয়োজনীয় সরবরাহ পাকিস্তানের খাইবার পাস দিয়ে পাঠানো হয়। আফগান সীমান্তবর্তী অঞ্চলের জঙ্গিরা প্রায় এ বহরে হামলা চালানোর ফলে সেনাদের জন্য মালামাল সরবরাহে বিকল্প পথ খুঁজছিল যুক্তরাষ্ট্র।
খাইবার অঞ্চলের এ অভিযান জঙ্গি নির্মূলে পাকিস্তানের পদক্ষেপ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কিছুটা আশ্বস্ত করতে পারবে বলেই মনে করা হচ্ছে। আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ে এ অভিযান সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে।
সীমান্ত রক্ষী বাহিনীর মুখপাত্র মেজর ফজল-উর-রহমান বলেন, "আমরা তাদের একটি শক্তঘাঁটি দখল এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছি। এ সময় ১৮ জঙ্গি নিহত ও অন্য ছয়জন আটক হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩০৫ ঘ.
bdnews24