কাবুল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে লয়া জির্গা বা গ্রান্ড কাউন্সিলে জঙ্গিদের আমন্ত্রণ জানাতে পারেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবানদের সঙ্গে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার উপায় খুঁজতে এ পদক্ষেপ নেওয়া হতে পারে। এক মুখপাত্র রোববার একথা বলেছেন।
কারজাইয়ের ২য় মেয়াদের প্রেসিডেন্সিতে জঙ্গিদের সঙ্গে আলোচনা শুরু করতে এই পরিকল্পনা সরকারের আরেক ধাপ অগ্রগামী প্রচেষ্টারই ইঙ্গিত।
কারজাই গত সপ্তাহে তার উদ্বোধনী ভাষণে লয়া জির্গা গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। একে তিনি শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ হিসাবে বর্ণনা করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
আফগান সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের সদস্য এবং জেলা ও প্রাদেশিক কাউন্সিলগুলোর প্রধানদেরকে নিয়ে গঠিত হয় লয়া জির্গা। সংবিধান সংশোধন করা থেকে শুরু করে প্রেসিডেন্টকে অভিশংসন করা, স্বাধীনতা, জাতীয় স্বার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কোনও ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে লয়া জির্গার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৬ ঘ.
bdnews24