লস এঞ্জেলেস, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক তদন্তকারীদের জানিয়েছেন, তিনি ছাড়া জ্যাকসনকে অন্যরাও তীব্র ব্যথানাশক প্রোপোফল ওষুধ দিতেন। যা ছিল জ্যাকসনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানো ওষুধগুলোর অন্যতম। শুক্রবার আদালতের কাগজপত্র প্রকাশের পর এ কথা জানা গেছে।
জ্যাকসনের মৃত্যুর পেছনে যে বা যাদের হাত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে, তাদের মধ্যে জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. কনরাড মারেও একজন। লস এঞ্জেলেস পুলিশের গোয়েন্দা বিভাগ পুনরায় জিজ্ঞাসাবাদ করার সময় মারে বলেন, জ্যাকসন তাকে বলেছিলেন যে জার্মানির দুজন অজ্ঞাত ডাক্তারও তাকে প্রোপোফল সরবরাহ করতেন।
হিউস্টন এবং লাস ভেগাসের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ মারেকে জ্যাকসন তার লন্ডন কনসার্টের প্রস্তুতি নেওয়ার সময় নিজের স্বাস্থ্য সেবায় নিয়োগ করেছিলেন। কিন্তু কনসার্ট শুরু হওয়ার সপ্তাহ কয়েক আগেই গত ২৫ জুন জ্যাকসন হঠাৎ করেই মারা যান।
লস এঞ্জেলেসের অপঘাত জনিত মৃত্যু তদন্তকারীরা জ্যাকসনের মৃত্যুকে হত্যা হিসাবে আখ্যায়িত করে তার মৃত্যুর কারণ হিসাবে তীব্র ব্যথানাশক প্রোপোফল এবং ঘুমের ওষুধ লোরাজিপামকে চিহ্নিত করেন। এসব ওষুধের অতিরিক্ত সেবনই জ্যাকসনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
সেলিব্রেটিদের সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট টিএমজেড.কম এ প্রকাশিত নতুন এক হলফনামায় কনরাড স্বীকার করেন, জ্যাকসন যেদিন মারা যান সেদিন সকালে তাকে তিনি ২৫ মিলিগ্রমা প্রোপোফল দিয়েছিলেন।
মারে পুলিশকে আরও জানান, তিনি খুব ভয়ের মধ্যে ছিলেন, জ্যাকসন প্রোপোফলে আসক্ত হয়ে পড়েন কি-না। তাই তিনি চেষ্টা করেছিলেন ডোজ কমিয়ে জ্যাকসনের আসক্তি কাটানোর।
মারে স্মরণ করে বলেন, যখন জ্যাকসনকে তিনি জিজ্ঞেস করেন, এর আগে কে তাকে চিকিৎসা করেছেন এবং কে তাকে এ ধরনের ওষুধ সেবনের ব্যবস্থা পত্র দিয়েছে? তখন জ্যাকসন ভাসা ভাসা মনে করার চেষ্টা করে আরও দুজন ডাক্তারের নাম বলেন।
এদের একজন জ্যাকসনের দীর্ঘদিনের ত্বকবিশেষজ্ঞ ডা. আর্নল্ড ক্লেইন এবং আরেক জন তার আগের ব্যক্তিগত চিকিৎসক আল্লাহ মেট্জগার। এরাই মূলত জ্যাকসনকে এ ওষুধ দেন এবং তা কোনও কাজ করেনি বলে এফিডেভিডের বিবৃতি থেকে জানা গেছে।
হলফনামা থেকে আরও জানা যায়, জ্যাকসনের অনুরোধে মারে লাস ভেগাসের ডা. ডেভিড অ্যাডামের সঙ্গে জ্যাকসনের যোগাযোগ ঘটিয়ে দেন। অ্যাডামও তাকে প্রোপোফল সরবরাহ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচবি/১৫৪৩ ঘ.
bdnews24