লন্ডন, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহার করা হলে আফগান সরকারের দ্রুত পতন ঘটবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড শুক্রবার একথা বলেছেন।
"আন্তর্জাতিক বাহিনী যদি প্রত্যাহার করা হয়, ধরা যাক সেটা পাঁচ মিনিট, ২৪ ঘণ্টা বা ৭ দিনের মধ্যে, তাহলে প্রতিরোধ করার যেসব বাহিনী থাকবে তাদের সহজেই কাবু করে ফেলবে বিদ্রোহী বাহিনী এবং আমাদের আবার নতুন করে শুরু করতে হবে।" গার্ডিয়ান সংবাদপত্রকে একথা বলেন মিলিব্যান্ড।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠানে যোগদিতে কাবুল সফর শেষে মিলিব্যান্ড বলেন, আফগানরা "তাদের বাইরের কাউকে দরকার এ জন্য দুঃখিত। কিন্তু তারা আমাদের আন্তরিকভাবে চায় কারণ আমরা না থাকলে তাদের দেশ আবার পিষ্ট হবে।"
"আমরা লোকজনকে শুধু এ ব্যাখ্যাই দিতে পারি যে, আফগানিস্তানে অবস্থানের জন্য সত্যিই মূল্য দিতে হচ্ছে তবে আফগানিস্তান ছেড়ে আসার চেয়ে সে মূল্য অনেক কম।" বলেন মিলিব্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২৯ ঘ.
bdnews24