ওয়াশিংটন, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার কাজের প্রতি জনসমর্থন ৫০ শতাংশের নিচে নেমে গেছে। বড়ধরনের দ্বিতীয় আরেকটি জনমত জরিপের এ ফলাফল এই ইঙ্গিতই দিচ্ছে যে, স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়ে দীর্ঘ বিতর্ক ও অর্থনীতির দুর্বল দশা নিয়ে তিনি বেশ ভুগছেন।
জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ শুক্রবার এ তথ্য জানিয়ে বলছে, ৪৯ শতাংশ আমেরিকান ওবামার কাজের প্রতি অনুমোদন ব্যক্ত করেছে। গত বুধবার প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপেও ওবামার কাজের প্রতি সমর্থন ৪৮ শতাংশে নেমে আসার তথ্য জানা যায়।
এ দুটি জরিপে ওবামার কাজের প্রতি সমর্থন এবারই প্রথম সংখ্যাগরিষ্ঠ থেকে নিচে নেমে গেল। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রায় ৭০ শতাংশ জনসমর্থন নিয়ে কাজ শুরু করার পর গত কয়েক মাস তিনি ৫০ শতাংশ আমেরিকানের অনুমোদন ধরে রেখেছিলেন।
গ্যালাপ বলেছে, ওবামার এ পতন সম্ভবত স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়ে দীর্ঘ বিতর্ক এবং মার্কিন অর্থনীতির দুর্বলতার জের। লাখ লাখ আমেরিকান এখনো বেকার অবস্থায় রয়েছে।
"আমেরিকানরা দেশের সমস্যা সমাধানে সরকারি ব্যয়ের ওপর ওবামা প্রশাসনের নির্ভরতা ও ফেডারেল বাজেট ঘাটতি বাড়তে থাকায়ও উদ্বিগ্ন।" ১,৫৩৩ জন আমেরিকানের ওপর জরিপ চালানো শেষে ফলাফল বিশ্লেষণে একথা বলেছে গ্যালাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৩২ ঘ.
bdnews24