জাতিসংঘ, ২০ নভেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়া এবং মিয়ানমারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বিশেষ কমিটি। দেশ দুটির মানবাধিকার লঙ্ঘনের ফিরিস্তি দিয়ে দুটি নিন্দা প্রস্তাবনাও পাস হয়েছে কমিটিতে।
১৯২ জাতি সাধারণ পরিষদের মানবাধিকার বিষয়ক থার্ড কমিটিতে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতির ওপর ৯৭-১৯ ভোটে প্রস্তাবনা পাস হয়। ভোটদানে বিরত থাকে ৬৫ জন। অন্যদিকে, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর ৯২-২৬ ভোটে প্রস্তাবনা পাস হয়। বিরত থাকে ৬৫ জন।
উত্তর কোরিয়ায় প্রতিনিয়তই মানুষের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার মারাত্মক এবং ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতি নিয়ে প্রস্তাবনায় মারাত্মক উদ্বেগও প্রকাশ করা হয়।
পিয়ংইয়ংয়ের মানবাধিকার লঙ্ঘনের ফিরিস্তি দিয়ে এতে বলা হয়েছে, সেখানে নির্যাতন চলছে। এছাড়া, অমানবিক অবস্থায় লোকজনকে আটক রাখা, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া এবং একসঙ্গে অনেককে শাস্তি দেওয়া হচ্ছে। সেখানে রয়েছে অসংখ্য বন্দি শিবিরও।
তবে উত্তর কোরিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত পাক তোক হুন এ প্রস্তাবনাকে শত্র"দের রাজনৈতিক আক্রমণ বলে প্রত্যাখ্যান করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৪ ঘ.
bdnews24