বেজিং, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে কোনও সরকারি কর্মকর্তা এইচ১এন১ ফ্লুতে মৃত্যুর খবর গোপন করে ধরা পড়লে তাকে কড়া শাস্তি দেওয়া হবে। স্থানীয় সরকার এইচ১এন১ ফ্লুতে মৃত্যুর ঘটনা গোপন করে থাকতে পারে---- এক চিকিৎসা বিশেষজ্ঞ একথা বলার পর চীন এ ব্যবস্থা নিয়েছে।
এ মাসের শুরুতে এইচ১এন১ ফ্লুতে মৃতের সংখ্যা হিসাব করার নতুন পদ্ধতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আর তা হচ্ছে, কেউ নিশ্চিতভাবে এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হলে এবং পরে মারা গেলে এই মৃত্যুকে এইচ১এন১ ফ্লুতে মৃত্যু হিসাবেই নথিভুক্ত করতে হবে। তা সেই ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুর অন্য কোনও কারণ থাক বা না থাক।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র দেং হাইহাউ বলেছেন, "এইচ১এন১ ভাইরাসে মৃত্যুর রিপোর্ট গোপন করা হলে, মিথ্যা বলা হলে কিংবা বিলম্ব করলে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।" মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটের নোটিশে শুক্রবার একথা জানানো হয়।
আগের পদ্ধতিতে ফ্লু আক্রান্ত রোগীর মৃত্যুকে এইচ১এন১ নয় বরং তার আগের আনুষাঙ্গিক অন্যান্য কারণে মৃত্যু হিসাবে চিহ্নিত করা হয়েছে। ফলে এইচ১এন১ ফ্লুতে মৃত্যুর রিপোর্টসংখ্যা কম হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিন্ন আরেকটি নোটিশে।
২০০৩ সালে চীনে সার্স ভাইরাস নিয়ে কাজ করে খ্যাতি কুড়ানো চিকিৎসা বিশেষজ্ঞ জোং নানশান বলেন, জাতীয় পর্যায়ে এইচ১এন১ ফ্লুতে মৃত্যুর সংখ্যা ৫৩ বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, কোনও কোনও এলাকায় মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর মৃত্যু পরীক্ষা করে দেখা হচ্ছে না এবং এ ধরনের মৃত্যুকে নির্দ্বিধায় সাধারণ নিউমোনিয়ায় মৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা ফ্লুতে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা আর প্রকাশ না করে কেবল নতুন ফ্লু আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা জানাবে। কিন্তু এতে এইচ১এন১ ফ্লুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে।
আগের পরিসংখ্যান অনুযায়ী চীনে অন্য দেশের চেয়ে এইচ১এন১ ফ্লুতে মৃত্যুর সংখ্যা অনেক কম দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24