২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার প্রশংসায় চীনের গণমাধ্যম

চীনের উদীয়মান শক্তি নিয়ে আশঙ্কা দূর করার চেষ্টা নেওয়ায় বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

বেজিং, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উদীয়মান শক্তি নিয়ে আশঙ্কা দূর করার চেষ্টা নেওয়ায় বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনের প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পাল্টাচ্ছে বলে মন্তব্য করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। ওবামার প্রশংসা করে সিনহুয়া বলেছে, "এশিয়া সফরকালে ওবামা একাধিকবার যুক্তরাষ্ট্র চীনকে আটকানোর চেষ্টা করবে না বলে মন্তব্য করায় একটি ইতিবাচক মোড়ের সূচনা হয়েছে। তিনি বিশ্ব মঞ্চে আরও বড় ভূমিকা নিয়ে শক্তিশালী চীনের উত্থানকে স্বাগত জানিয়েছেন।" ওবামার ভাষা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে অগ্রগতির শুভসূচনার পট প্রস্তুত করেছে বলে মন্তব্য করেছে সিনহুয়া। তবে অর্থনীতির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার নতুন পথ খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছে বার্তা সংস্থাটি। একইসঙ্গে সংরক্ষণবাদ নীতির ব্যাপারে ওবামাকে আগাম সতর্কও করেছে তারা। চীন সফরের শেষ সময়ে এসেও বাণিজ্য ও মুদ্রানীতিতে বিরোধ দূর করতে পারেননি ওবামা। প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে মুদ্রানীতি নিয়ে কোনও প্রতিশ্র"তি আদায়ে ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী জিয়াবাওয়ের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে অগ্রসর হওয়ার আরেকটি সুযোগ পান ওবামা। বৈঠকে জিয়াবাও বলেন, "চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত্ত চায় না বরং তারা ধীরে ধীরে দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠায় আগ্রহী।" তিনি বলেন, "প্রাণবন্ত বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে।" একইসঙ্গে দু'দেশকেই একযোগে বাণিজ্য ও বিনিয়োগ সংরক্ষণনীতির বিরোধিতা করার আহ্বান জানান জিয়াবাও। কিন্তু ইউয়ানের মান অবমূল্যায়িত করে রাখার কারণে বিশ্ব বাণিজ্যে অসহনীয় ভারসাম্যহীনতা বিরাজ করছে বলে অভিযোগ করে আসা যুক্তরাষ্ট্রের শিল্প সংগঠন ও রাজনীতিবিদরা জিয়াবাওয়ের কথায় আশ্বস্ত হবেন না বলেই মনে করা হচ্ছে। বেজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্রফেসর জিন ক্যানরং বলেছেন, এ ধরনের বৈঠক থেকে ভবিষ্যৎ আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্থির হতে পারে। কিন্তু এ থেকে অবিলম্বে নীতির কোনও পরিবর্তন আশা করা যায় না। তিনি বলেন, চীন বাইরের কোনও চাপের মুখে নয় বরং নিজ স্বার্থ বিবেচনা করেই মুদ্রানীতিতে কোনও পরিবর্তন আনবে। জিনের মতো চীন ও যুক্তরাষ্ট্র দুপক্ষের বিশেষজ্ঞরাই বলেছেন, ওবামার এ সফর চীনের মুদ্রানীতির পরিবর্তন ঘটাবে না কিংবা ইউয়ান নিয়ে বিরোধেরও অবসান ঘটবে না। চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা পিপলস ডেইলি এক মন্তব্যে বলেছে, "চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে এখনও বিরোধ রয়ে যাবে।" চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুস্থির সম্পর্ক বয়ে আনতে এক, দুই বা কয়েক প্রজন্ম লেগে যাবে বলে মন্তব্য করেছে পিপলস ডেইলি। বুধবার জিয়াবাওয়ের সঙ্গে বৈঠকের পর ওবামা চীনের গ্রেট ওয়াল পরিদর্শন করেন। চীনের পর তার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪২ ঘ.