তেহরান, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার বলেছেন, পরমাণু অধিকার নিয়ে আলোচনা করা যায় না। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ একথা বলেছে।
আইএসএনএ আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরানের পরমাণু কর্মসূচির অধিকার নিয়ে আলোচনা করা যায় না ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে ইরানের সঙ্গে কূটনীতির সময় ফুরিয়ে আসছে মন্তব্য করার পর ইরান এ অনড় অবস্থান জানাল।
ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি বিরোধে আর ধৈর্য ধরা যাচ্ছে না বলে জানান ওবামা। ইরান জাতিসংঘ খসড়া জ্বালানি চুক্তিতে সাড়া না দিলে তাদেরকে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিংবা ইসরায়েলের সামরিক হামলার মুখে পড়তে হবে।
পশ্চিমাদের ধারণা, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারে অটল রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু প্রযুক্তি প্রয়োজন বলে দাবি করেছে ইরান।
জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র উদ্যোগে প্রণীত খসড়া চুক্তিতে ইরানকে তাদের কমসমৃদ্ধ ৭৫ শতাংশ ইউরেনিয়াম (এলইইউ) প্রক্রিয়াজাত করে জ্বালানিতে রূপান্তর করার জন্য রাশিয়া এবং ফ্রান্সে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
কিন্তু ইরান এখনও ওই চুক্তিতে আনুষ্ঠানিক কোনও সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ ঘ.
bdnews24