ইসলামাবাদ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )---- তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেছে।
পাকিস্তানের পেশাওয়ারে সোমবারের আত্মঘাতী হামলায় ৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল।
পাকিস্তানের সেনারা দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান বিরোধী অভিযান শুরুর পর থেকে পেশাওয়ারের কাছেই বেশির ভাগ জঙ্গি হামলা হচ্ছে।
আফগানিস্তানে কিভাবে অবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার মোড় ঘুরানো যায় তা নিয়ে বিভিন্ন বিকল্প পথ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
তারা দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থলঅভিযানকে স্বাগত জানালেও চায় পাকিস্তান আইনশৃঙ্খলাহীন সীমান্ত অঞ্চলে তালেবান উপদলগুলো সামাল দিক।
প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী কয়েক সপ্তাহে আফগানিস্তানে নতুন কৌশল ঘোষণা করবেন। এ কৌশলে আফগানিস্তানে আরও ৪০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
পাকিস্তানকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, জঙ্গিদের বিরুদ্ধে তাদের লড়াই জোরদার করার ওপরই আফগান যুদ্ধকৌশলের সফলতা নির্ভর করছে। বিশেষ করে যে জঙ্গি দলগুলো পাকিস্তান থেকে আফগানিস্তানের মার্কিন সেনাদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ইসলামাবাদকে জোর লড়াইয়ে নামতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে লেখা একটি চিঠিতে বলেছেন, তিনি চান জারদারি রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাট্টা হয়ে একযোগে জঙ্গিদের বিরুদ্ধে প্রচারাভিযান চালান। দ্য টাইমস পত্রিকা একথা জানিয়েছে।
ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল জেমস জোনস শুক্রবার পাকিস্তান সরকার এবং সামরিক নেতাদের সঙ্গে দেখা করে ওই চিঠি দেন বলে জানিয়েছে পত্রিকাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৬ ঘ.
bdnews24