২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোয় নির্বাচনী পরীক্ষার মুখে সরকার

গত বছর সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণার পর রোববার কসোভোয় প্রথম স্থানীয় নির্বাচনে গণতন্ত্রের পরীক্ষার মুখে পড়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

প্রিস্টিনা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত বছর সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণার পর রোববার কসোভোয় প্রথম স্থানীয় নির্বাচনে গণতন্ত্রের পরীক্ষার মুখে পড়েছে সরকার। নির্বাচনে ভোটারদের জন্য সবচেয়ে বড় ইস্যু বেকারত্ব, দুর্নীতি, দুর্বল অবকাঠামো এবং কম বিনিয়োগ। পুরোপুরি কার্যকর গণতন্ত্রের দেশ হিসাবে আত্মপ্রকাশ এবং বিশ্বের আরও দেশের স্বীকৃতি পাওয়ার চেষ্টায় থাকা কসোভোর জন্য এ নির্বাচনকে সরকারের কৃতিত্বের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে। বিশ্বের ৬৩ টি দেশ এ পর্যন্ত কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। কসোভোর এ নির্বাচনে সংখ্যালঘু সার্বরাও যোগ দিয়েছে। তবে তাদের সংখ্যা খুবই কম। বিশ্লেষকরা বলছেন, ভোটে সার্বিকভাবেই ভোটার সংখ্যা কম (৪৫ শতাংশ) ছিল। কসোভোর অর্থনৈতিক উন্নয়নে নেতাদের ব্যর্থতায় ভোটারদের হতাশারই বহিঃপ্রকাশ ঘটেছে এর মধ্য দিয়ে। রাজনৈতিক বিশ্লেষক হালিল মাতোসি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিমাত্রার দুর্নীতির কারণে কসোভোয় ভোটাররা আস্থা হারিয়েছে। ইলেকশন কমিশন নির্বাচনে বড় ধরনের কোনও অনিয়ম হয়নি বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী হাশিম থাচি নির্বাচনের পর তার ডেমোক্র্যাটিক পার্টি অব কসোভো (পিডিকে) পৌর নির্বাচনে ভালো অবস্থানে থাকবে বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন। বিবিসি একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.