সাংহাই, ১৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার বলেছেন, ওয়াশিংটন চীনের উত্থানকে আটকাতে চেষ্টা করছে না তবে দু দেশের মধ্যে বাণিজ্যে আরও ভারসাম্য আনতে হবে। (আরও তথ্যসহ-১)
চীনে প্রথম সফরকালে ওবামা সোমবার সাংহাইতে একটি ঘরোয়া ধরনে অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে বক্তৃতায় একথা বলেন।
ছাত্রদের সঙ্গে প্রশ্নউত্তর পর্বে যাওয়ার আগে ওবামা বলেন "আমরা চীনের উত্থানকে আটকাতে চাই না।" তিনি হলে উপস্থিত ছাত্র ছাড়াও ইন্টারনেটের মাধ্যমেও চীনাদের প্রশ্নের উত্তর দেন।
"আমরা কোনো দেশের ওপর কোনোধরনের সরকার ব্যবস্থা চাপিয়ে দিতে চাই না। এবং এখন আমারা যে নীতিমালার পক্ষে আছি সেটাই যে চূড়ান্ত কিছু তাও আমরা বিশ্বাস করি না।" বলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
ওবামা জানান, ১৯৭৯ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপনের বছরে দুদেশের মধ্যে বাণিজ্য হয়েছিল কয়েক বিলিয়ন ডলারের। এখন তার পরিমাণ ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি।
তিনি ঘোষণা দেন, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে আগ্রহী আরও বেশি চীনা ছাত্রকে সুযোগ দেবে।
উদীয়মান বিশ্ব শক্তি চীনে এই প্রথম সফরে ওবামার বাণিজ্য ও তিব্বত নিয়ে যেমন উত্তেজনার মুখোমুখি হতে হচ্ছে, তেমনি তার আলোচনায় প্রাধান্য পাবে অর্থনৈতিক ভারসাম্যহীনতা ও ভবিষ্যতে চীনা মুদ্রার মূল্যায়নের বিষয়টি।
ওবামা রোববার রাতের দিকে চীনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাংহাইতে পৌঁছেন। সোমবার রাজধানী বেজিংয়ে যাওয়ার আগে তরুণ চীনাদের সঙ্গে তিনি এই ঘরোয়া-ধরনের বৈঠকে বসেন।
চীনের রাষ্ট্রপরিচালিত ইন্টারনেট সাইটগুলো বৈঠকে ওবামাকে জিজ্ঞাসা করার জন্য লোকজনের কাছে প্রশ্ন আহ্বান করেছে। অনেক জমা পড়া প্রশ্নের মধ্যে রয়েছে, তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে তার সাক্ষাতের পরিকল্পনা রয়েছে কিনা, থাকলে কেন তিনি সাক্ষাৎ করতে চান।
দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে থাকে।
ওবামা এসব চাঙ্গা করা কর্মসূচির পর মঙ্গলবার বেজিংয়ে প্রেসিডেন্ট হুয়া জিনতাওর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এ বৈঠকে উত্তর কোরিয়া ও ইরানের মতো ঝঞ্ঝাক্ষুব্ধ বিষয়ের পাশাপাশি নতুন একটি জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার বিষয়ে আলোচনা হবে।
ওবামা বলেছেন, তিনি আলোচনায় মানবাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ও তুলবেন, বাণিজ্যিক সম্পর্ক ও চীনামুদ্রা ইউয়ানের প্রসঙ্গটি টানবেন। যুক্তরাষ্ট্রের শিল্পখাত মনে করে ইউয়ানের মান অবমূল্যায়িত করে রাখা হয়েছে, এতে বিশ্ব বাণিজ্যে অসহনীয় ভারসাম্যহীনতা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫১৮ ঘ.
bdnews24