ম্যানিলা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনে ২০১০ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে দেশটির গণতন্ত্রের মূর্ত প্রতীক কোরাজন 'কোরি' অ্যাকুইনোর ছেলে সিনেটর বেনিগনো 'নয়নয়' অ্যাকুইনো এগিয়ে রয়েছেন। একটি মতামত জরিপে সোমবার এ তথ্য জানা গেছে।
আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় ও স্থানীয় নির্বাচনে 'লিবারেল পার্টি' (এলপি) নয়নয় অ্যাকুইনোকে প্রার্থী হিসেবে মনোনয়োন দেওয়ার দিনই জনমত জরিপ ফলাফলটি প্রকাশিত হল।
নিরপেক্ষ জরিপ সংস্থা 'পালস এশিয়া' পরিচালিত জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ৪৪ শতাংশই অ্যাকুইনোর পক্ষে মত দিয়েছেন। অপর দিকে আরেক প্রার্থী ম্যানুয়েল ভিলার ১৯ শতাংশ জন সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ২০০৯ এর আগস্টে জনমত জরিপে শীর্ষে অবস্থান করছিলেন এই বিলিয়নিয়ার প্রার্থী।
১৩ শতাংশ জনসমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক সিনেটর ফ্রান্সিস এসকুদেরো এবং ১১ শতাংশ জনমত নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা।
পালস এশিয়া ইনকর্পোরেশনের প্রধান গবেষক আনা মারিয়অ তাবুন্দা সোমবার এক বিবৃতিতে বলেছেন, "অ্যাকুইনো প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ায় এতদিন শীর্ষে থাকা অন্য প্রার্থীদের জনসমর্থন কমে গেছে।"
তিনি বলেন, "অ্যাকুইনো জরিপে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার স্বচ্ছ ভাবমূর্তি অথবা অন্যভাবে বলতে গেলে অতীতে দুর্নীতির কোনো রেকর্ড না থাকায় জনগণ পছন্দের ক্ষেত্রে তাকেই অগ্রাধিকার দিচ্ছে।"
আগামী বছর মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনে ২০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থী হওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
জরিপ সংস্থাটি জানিয়েছে, ২২ থেকে ৩০ অক্টোবর জনমত জরিপটি করা হয়েছে। এতে ১ হাজার ৮শ' ভোটার অংশ নেয়।
অ্যাকুইনি জানিয়েছে, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা তার জীবন হুমকিতে না পড়লে তিনিই জয়ী হবেন।
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়োন গ্রহণের সময় দলের সম্মেলনে তিনি বলেন, "আমরা সত্য প্রতিষ্ঠার জন্য মিথ্যার বিরুদ্ধে লড়াই করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪১০ ঘ.
bdnews24