মোগাদিশু, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপহৃত ৯ বাংলাদেশি ও ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা।
উত্তরাঞ্চলীয় পুন্টল্যাণ্ডের ব্যবসায়ী এবং স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার তাদেরকে মুক্তি দেওয়া হয় বলে স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থাটি।
শনিবার গভীর রাতে পুন্টল্যাণ্ডের রাজধানী গারোয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে কিভাবে তারা সেখানে পৌঁছেছে বা তাদেরকে মুক্ত করতে কোনো মুক্তিপণ দেওয়া হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। সোমালিয়ার জলদস্যুরা কমপক্ষে ১৩টি জাহাজ এবং ২শ' ৩০ এরও বেশি ক্রুকে আটকে রেখেছে।
আটককৃতদেরকে পৌঁছে দিতে জলদস্যুদের ভাড়া করা চালক আলি সাইদ বলেন, "আমি তাদেরকে আলাদা করতে চিহ্নিত করতে না পারলেও জানি যে, তারা ভারত ও বাংলাদেশের নাগরিক।"
তিনি বলেন, "এখন তারা সবাই সুস্থ রয়েছে এবং দেশে ফেরার জন্য একটি হোটেলে অপেক্ষা করছে। যদিও তাদের কাছে কোনো অর্থ নেই।"
ওমানে একটি মাছ ধরার নৌকা থেকে এ নাবিকদেরকে অপহরণ করা হয়। তবে কবে তাদেরকে অপহরণ করা হয় তা জানাতে পারেননি আলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/
bdnews24