২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু লক্ষ্যমাত্রা থেকে পিছু হটল এপেক

গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের সিদ্ধান্তকে পেছনে রেখে জলবায়ু লক্ষ্যমাত্রা থেকে রোববার পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্যান্য এপেক নেতারা। জলবায়ু পরিবর্তন রোধে প্রথমে কিয়োটো প্রটোকল পরবর্তী পদক্ষেপ এবং পরে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দু'ধাপ পরিকল্পনায় একমত হয়েছেন সবাই। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

সিঙ্গাপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের সিদ্ধান্তকে পেছনে রেখে জলবায়ু লক্ষ্যমাত্রা থেকে রোববার পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্যান্য এপেক নেতারা। জলবায়ু পরিবর্তন রোধে প্রথমে কিয়োটো প্রটোকল পরবর্তী পদক্ষেপ এবং পরে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দু'ধাপ পরিকল্পনায় একমত হয়েছেন সবাই। জলবায়ু চুক্তিতে পৌঁছতে ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠেয় সম্মেলনের আয়োজক দেশের ওই দু ধাপ পরিকল্পনা ওবামার সঙ্গে সমর্থন করেছেন অন্যান্য নেতারাও। এ পরিকল্পনা অনুযায়ী, প্রথমে জলবায়ু নিয়ে একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছার চেষ্টা চলবে। আর গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর বাধ্যবাধকতা নিয়ে সিদ্ধান্ত হবে পরে। ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা পূরণের পদক্ষেপ নেওয়া খুব শিগগিরি সম্ভব হবে না বলেই মনে করছেন নেতারা। এপেক নেতাদের সামনে দু'ধাপ প্রস্তাব পেশ করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন। তার এ পদক্ষেপে কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে কিয়োটো প্রটোকল পরবর্তী একটি রাজনৈতিক জলবায়ু চুক্তির পথ প্রশস্ত হবে। রাসমুসেন এর আগেও বলেছিলেন, কিয়োটো প্রটোকলের জায়গায় আরেকটি রাজনৈতিক চুক্তি আশা করছেন তিনি এবং এ বাপারে মতৈক্যের জন্য তিনি শীর্ষ বিশ্ব নেতাদের বৈঠক ডেকেছেন। জলবায়ু পরিবর্তন রোধে ২০১২ সাল পর্যন্ত প্রথম মেয়াদী কিয়োটো চুক্তির পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কোপেনহেগেন সম্মেলনকেই শেষ সুযোগ হিসাবে দেখা হচ্ছে। রাসমুসেন বলেন, গ্রিনহাউস গ্যাস কমানোর বাধ্যবাধকতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। রাসমুসেনের এ প্রস্তাব সমর্থন করেন ওবামা। তার সঙ্গে এ প্রস্তাবে সমর্থন দেন অন্যান্য এপেক নেতারও। তারা এ পরিকল্পনাকে সামনে আগানোর গঠনমূলক পদক্ষেপ বলে বর্ণনা করেন। রোববার সিঙ্গাপৃুরে এপেক নেতাদের বৈঠকের পর শীর্ষ মার্কিন আলোচক মিচেল ফ্রোম্যান বলেন, "এখন কিংবা কোপেনহেগেন সম্মেলনের সময় আন্তর্জাতিকভাবে বৈধ কোনও বাধ্যবাধকতামূলক চূড়ান্ত চুক্তি আশা করা অবান্তর বলেই নেতারা মনে করছেন।" সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নেতারা। বৈঠকের পর রাসমুসেন বলেন, "প্রতিটি দেশের পরিস্থিতি বিবেচনায় এবং হাতে থাকা সময়ের মধ্যে আগামী সপ্তাহগুলোতে আমাদেরকে যা কিছু করা সম্ভব সেদিকেই মনোনিবেশ করতে হবে। আবার যা করা সম্ভব নয় তা থেকে দূরে সরে থাকাও চলবে না।" কূটনীতিকরা বলছেন, দ্বি-ধাপ পরিকল্পনার ফলে ওয়াশিংটন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরতে পারবে। কারণ, এ সময়ের মধ্যে তারা জলবায়ু পরিবর্তন আইন নিয়ে কিছু রাজনৈতিক বাধা দূর করতে পারবে। আর সিনেটও ২০১০ সালের প্রথমার্ধের মধ্যে জলবায়ু বিল পাসের সময় পাবে। এতে করে ২০১০ সালের মাঝামাঝি সময়ে বন এ জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সময়ে মার্কিন প্রশাসন ২০২০ সালের জলবায়ু লক্ষ্যমাত্রা নিয়ে এগুনো এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিশ্র"তি দেওয়ার সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৮ঘ.