লস এঞ্জেলেস, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইকেল জ্যাকসনের শেষ কনসার্টের প্রস্তুতি নিয়ে নির্মিত চলচ্চিত্র 'দিস ইজ ইট' মুক্তির দুই সপ্তাহের মধ্যে ২০ কোটি ডলারের বেশি আয় করেছে।
সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট জানায়, উত্তর আমেরিকাতেই চলচ্চিত্রটি ৬ কোটি ১০ লাখ এবং আন্তর্জাতিকভাবে ১৪ কোটি ডলারের বেশি আয় করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে জাপানে (২ কোটি ৭২ লাখ ডলার) ও যুক্তরাজ্যে (১ কোটি ৪৩ লাখ ডলার)।
চলচ্চিত্র অঙ্গনে ব্যবসায়িক সাফল্যের পর্যবেক্ষণকারী সংস্থা বক্সঅফিসমোজো ডটকম জানিয়েছে, ২০০৯ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আয় করার দিক দিয়ে ২২তম অবস্থানে আছে এই চলচ্চিত্রটি।
গত জুনে মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুর আগে তার প্রত্যাবর্তন কনসার্টের প্রস্তুতির সময় ধারণ করা বিভিন্ন ফুটেজ সংকলন করে "দিস ইজ ইট" চলচ্চিত্রটি নির্মাণ করেছে সনি করপোরেশনের এবং পরিবেশন করেছে সনির মালিকানাধীন কলাম্বিয়া পিকচার্স।
সনি এই চলচ্চিত্রটির সত্ব পাওয়ার জন্য কনসার্টটির আয়োজক এইজি এবং জ্যাকসন এস্টেটকে ৬ কোটি ডলার দেয়।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত "হানা মন্টানা/মাইলি সাইরাস: বেস্ট অব বোথ ওয়ার্ল্ডস কনসার্ট ট্যুর" চলচ্চিত্রের বিশ্বব্যপী করা আয়কে "দিস ইজ ইট"র জন্য বেঞ্চমার্ক ধরা হয়েছিল। 'দিস ইজ ইট' এর আয় ওই ছবিটির আয়ের তিনগুণ।
গত ২৮ অক্টোবর মুক্তি দেওয়ার পরে জ্যাকসনকে নিয়ে করা চলচ্চিত্রটি মাত্র দুই সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শনের কথা ছিল। তবে এর সাফল্যের পরে আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/১৬৩৪ ঘ.
bdnews24