বোগোতা, নভেম্বর ১২ (বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিবেশি ভেনিজুয়েলার যুদ্ধ হুমকির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বুধবার নালিশ জানিয়েছে কলোম্বিয়া। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলার পর এ নালিশ জানাল কলোম্বিয়া।
অক্টোবরে ওয়াশিংটন ও বোগোতার মধ্যে যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার ফলে কলোম্বিয়া থেকে ভেনিজুয়োলায় মার্কিন আগ্রাসনের একটি ক্ষেত্র সৃষ্টি হচ্ছে- কয়েকমাস ধরেই এমন অভিযোগ করে আসছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ।
তবে কলোম্বিয়া ও যুক্তরাষ্ট্র এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, কলোম্বিয়ার মাদক পাচারকারীদের ও মার্ক্সবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যেই এ সামরিক চুক্তি হয়েছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ রোববার এক টেলিভিশন ভাষণে শান্তি রক্ষার জন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।
কলোম্বিয়া এ বিষয়ে নালিশ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, "ভেনিজুয়েলার হুমকির বিষয়ে ওই চিঠি দিয়েছে।"
বিবৃতিতে বলা হয়েছে, "নিরাপত্তা পরিষধের সব সদস্য রাষ্ট্রের মধ্যে এ চিঠি বণ্টনের আহ্বান জানিয়েছে কলোম্বিয়া।"
নিরাপত্তা পরিষদে কলোম্বিয়ার এ আনুষ্ঠনিক নালিশে আরও ক্ষুব্ধ হতে পারেন শ্যাভেজ। ভেনিজুয়েলার এ বামপন্থি নেতা একবার মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে "শয়তান" বলে গালি দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩২৪ ঘ.
bdnews24