তেহরান, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান আটক তিন মার্কিনিকে গুপ্তচরগিরির অভিযোগে অভিযুক্ত করেছে। আইনজীবীদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সোমবার একথা জানিয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, এ অভিযোগের কোনো প্রমাণ নেই।
জুলাইয়ের শেষের দিকে ইরাকে উত্তরাঞ্চল দিয়ে সীমানা অতিক্রম করে ইরানে প্রবেশের কারণে শ্যেন বাউয়ার (২৭), সারা শৌয়ার্দ (৩১) জোশ ফাত্তাল (২৭) কে আটক করা হয়। আটকদের পরিবার জানিয়েছে, তারা পাহাড়ে চড়ার পর ভুল করে ইরান সীমান্ত দিয়ে ভেতরে ঢুকে যায়।
এ বিষয়ে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জানিয়েছেন, মামলাটির বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। তিনি এটাও বলেন, কোনো ধরনের অপরাধ না করেও বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বন্দি হয়ে আছে অনেক ইরানি।
ইস্তাম্বুলে ইসলামি রাষ্ট্রগুলোর সম্মেলনে এক সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, "আমরা সব বন্দিদেরই মুক্তি দিয়ে দিতে চাই।" "সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।"
তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফরি দোলাতাবাদি ইরনাকে বলেন, " ওই তিন মার্কিনিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।"
তিনি আরও বলেন, "বন্দি তিন মার্কিনের বিরুদ্ধে তদন্ত চলছে।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও বন্দিদের পরিবার ইরানকে এ ব্যাপারে "সহানুভূতির"দেখানোর আহ্বান জানিয়েছেন।
বার্লিনে হিলারি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অভিযোগ প্রমাণের পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ নেই।"
"আমরা আবারও ইরানের সরকারের কাছে ওই তিন তরুণের ও তাদের পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের এবং তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানাচ্ছি। আমরা ওই মামলা চালিয়ে যাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৮৩১ ঘ.
bdnews24