ইয়াঙ্গুন, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি সোমবার এ আশা ব্যক্ত করেছেন যে, সামরিক জান্তার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করায় তা দেশের গণতন্ত্রে উত্তরণের সহায়ক হতে পারে। তার এক আইনজীবী একথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তা কুর্ট ক্যাম্পবেলের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেওয়ায় জান্তার প্রতি ধন্যবাদ জানিয়েছেন। গত ২০ বছরের জীবনে সু চিকে ১৪ বছরই অন্তরীন করে রেখেছে জান্তা সরকার তাই জান্তাকে তার ধন্যবাদ জানানো এক বিরল ঘটনা।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চিকে সোমবার তার আইনজীবীদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করার সুযোগ দেয় সরকার। গৃহবন্দি থাকার সময় নিরাপত্তাবিধি লঙ্ঘনের দায়ে গত আগষ্টে তাকে দেওয়া দণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে রাজি হয়েছে।
"তিনি আমাদের বলেছেন, ক্যাম্পবেলের সফরে তিনি সন্তুষ্ট...বলেছেন তিনি এমন ব্যক্তি যার সঙ্গে আমরা কাজ করতে পারি।" আইনজীবী নিয়ন উইন সাংবাদিকদের সু চির একথা জানান।
মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার নতুন নীতির আলোকে গত ১৪ বছরের মধ্যে প্রথম ক্যাম্পবেলের মতো শীর্ষ কেউ দেশটি সফর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪৮ ঘ.
bdnews24