নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে চার দশকের মধ্যে স্বাস্থ্যনীতিতে বড় ধরনের রদবদলকে সমর্থন দিয়ে প্রতিনিধি পরিষদ শনিবার স্বাস্থ্যসেবা সংস্কার বিল পাস করেছে। তীব্র বিরোধিতার মুখেও এ বিল পাসের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা সংস্কার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জয় পেলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
২২০-২১৫ ভোটে সামান্য ব্যবধানে পাস হয় বিলটি। প্রায় সব মার্কিনিকে স্বাস্থ্যসেবার আওতায় আনা এবং ৯৬ শতাংশ মার্কিনির জন্য স্বাস্থ্যসেবা সুলভ করা বিলের লক্ষ্য।
মাত্র একজন রিপাবলিকান ছাড়া আর সব রিপাবলিকানই ১ ট্রিলিয়ন ডলার মূল্যের এই বিল, সম্পদশালীদের ওপর নতুন কর এবং বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে সরকারের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। আর ডেমোক্র্যাটদের মধ্যে ২১৯ জন বিলটির পক্ষে এবং ৩৯ জন বিপক্ষে ছিলেন।
এখন সিনেটে একটি বিল পাস হতে হবে। পরে দু টি বিল একসঙ্গে করে সিনেট এবং প্রতিনিধি পরিষদে চূড়ান্ত একটি বিল পাস হওয়ার পরই তাতে সই করতে পারবেন ওবামা।
সংবাদদাতারা বলছেন, এই আইন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় কয়েক দশকের মধ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে।
ওবামা তার অভ্যন্তরীণ কর্মসূচির মূলে রেখেছেন স্বাস্থ্যসেবা সংস্কার পরিকল্পনাকে। শনিবারের ভোটের পর তিনি একে 'ঐতিহাসিক' আখ্যা দিয়ে বলেন, সিনেটেও একই ফল হবে বলে তার পুরো আস্থা আছে।
ওদিকে, হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আমি প্রেসিডেন্টের অসামান্য নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ, হোয়াইট হাউসে ওবামা ছাড়া এই জয় সম্ভব হতো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24