২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ ও বিদেশের পাল্টা সমালোচনায় আফগানিস্তান

আফগানিস্তান শনিবার জাতিসংঘের বিরুদ্ধে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নতুন মন্ত্রিসভা গঠনে হস্তক্ষেপের অভিযোগ করেছে। কারজাইয়ের নতুন মেয়াদ শুরুর এক সপ্তাহ না পেরোতেই এই অভিযোগ তোলা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

কাবুল, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান শনিবার জাতিসংঘের বিরুদ্ধে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নতুন মন্ত্রিসভা গঠনে হস্তক্ষেপের অভিযোগ করেছে। কারজাইয়ের নতুন মেয়াদ শুরুর এক সপ্তাহ না পেরোতেই এই অভিযোগ তোলা হল। বিতর্কিত এক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পশ্চিমের দেশগুলো কারজাইয়ের ওপর দ্রুত দুর্নীতি বিরোধী সংস্কার কাজ শুরুর জন্য প্রবল চাপ সৃষ্টি করেছে। নির্বাচনে জালিয়াতির অভিযোগে কারজাইয়ের পক্ষে পড়া লাখ লাখ ভোট বাতিল হয়ে গিয়েছিল। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কাবুলে জাতিষংঘের শীর্ষ দূত যে মন্তব্য করেছেন, তা "আন্তজার্তিক রীতিনীতি ও তার কর্তৃত্ব ছাড়িয়ে গেছে।" জাতিসংঘের দূত কাই এইদে বলেন, পরবর্তী সরকারের কারা জায়গা পাবেন সেই সিন্ধান্ত যেন না নেয় "যুদ্ধবাজ নেতা ও ক্ষমতার দালালরা"। তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তানের এটা ভাবা ঠিক হবে না যে, কৌশলগত গুরুত্বের কারণে আন্তর্জাতিক সমর্থন পাওয়া তার নিশ্চিত থাকবে।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, "কিছু রাজনৈতিক ও কূটনৈতিক মহল এবং কয়েকটি বিদেশি রাষ্ট্রের প্রচার-প্রচারণাকারী সংস্থার" নির্দেশনা "আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের মানহানি ঘটাচ্ছে।" গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে কারজাই আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকির মধ্যে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪৮ ঘ.