ওয়াশিংটন, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার লাফিয়ে বেড়েছে ১০ দশমিক ২ শতাংশ। এতে করে দেশটিতে সাড়ে ২৬ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চে পৌঁছেছে। ফলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর এ মুহূর্তে বেকারত্ব সামলানোয় আরও বেশি কিছু করতে ওবামা প্রশাসনের চাপ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, অক্টোবর মাসে চাকরি দাতারা অপ্রত্যাশিতভাবে বেশি কর্মী ছাঁটাই করেছে। অক্টোবরে মোট ১ লাখ ৯০ হাজার মানুষ চাকরি হারিয়েছে। তবে এ সংখ্যা সেপ্টেম্বরের চেয়ে কম। সেপ্টেম্বরে ২ লাখ ১৯ হাজার কর্মী ছাঁটাই হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে জানান, অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য প্রশাসন কাঠামোগত বিনিয়োগ এবং ব্যবসা শুল্ক প্রত্যাহারের কথা চিন্তা করছে।
তিনি বলেন, "আমি ওয়াদা করছি যতক্ষণ না পর্যন্ত প্রতিটি মার্কিন যারা কাজ করতে চায় তারা কাজ খুঁজে না পাবে এবং সব মার্কিনি নিজেদের পরিবার এবং ব্যবসা চালু রাখার মতো উপার্জন না করবে আমি ক্ষান্ত দেব না।"
বেকারত্ব বেড়ে যাওয়ার প্রভাব আগামী বছর অনুষ্ঠেয় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেস নির্বাচনে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিপাবলিকানরা এরই মধ্যে দুটি রাজ্যের গভর্নর নির্বাচনে জয়ী হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২০ ঘ.
bdnews24