জাতিসংঘ, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ভূমধ্যসাগরে অস্ত্রের চালান আটক বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘে নালিশ জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ওই অস্ত্র লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের কাছে পাঠানোর চেষ্টা করছিল।
ইসরায়েল বুধবার জানায়, এর নৌবাহিনী ভূমধ্যসাগরে রকেটসহ অস্ত্রভর্তি একটি মালবাহী জাহাজ আটক করেছে। এসব অস্ত্র ইরানের সমর্থনপুষ্ট লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে ইরান এবং সিরিয়া এই অস্ত্রের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছে। লেবাননের হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠীও অস্ত্রের চালানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা বৃহস্পতিবার অস্বীকার করে বলেছে "ইহুদিবাদী শত্র"রা ফ্রানকোপ নামের জাহাজ থেকে যে অস্ত্র আটক করেছে তার সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই।" "একই সঙ্গে হিজবুল্লাহ আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি জলদস্যুতার নিন্দা জানাচ্ছে।"
ইসরায়েলের জাতিসংঘ রাষ্ট্রদূত গ্যাব্রিয়েলা শালেভ জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা চিঠিতে বলেছেন, "এটি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার মারাত্মক লঙ্ঘন। এতে শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি হয়েছে।"
ইসরায়েলি কমোডর রান বেন-ইয়েহুদা এর আগে জানান, অ্যান্টিগুয়ার পতাকাবাহী জাহাজটি ভূমধ্যসাগরীয় আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজে কমপক্ষে ৪০টি কন্টেইনারের ভেতর বেসামরিক পণ্যের সঙ্গে ওই অস্ত্র পাওয়া গেছে।
তিনি বলেন, ওই অস্ত্র হিজবুল্লাহর এক মাসের লড়াইয়ে জন্য পর্যাপ্ত ছিল।
ইসরায়েলের উপ-প্রতিরক্ষা মন্ত্রী মাতান ভিনাই বুধবার আর্মি রেডিওকে বলেছেন, "কাতিউশা (রকেট) পাওয়া গেছে। বেসামরিক লোকজনের ওপর আঘাত করার জন্যই তা নিয়ে যাওয়া হচ্ছিল।"
অস্ত্রগুলো কি হিজবুল্লাহর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না এই প্রশ্নে তিনি বলেন, "হ্যাঁ, এই অস্ত্র পেলে গোষ্ঠীটির ইসরায়েলের ভেতর দূরপাল্লার গোলা ছোড়ার ক্ষমতা বাড়ত।"
২০০৬ সালের যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েলের ভেতর চার হাজারেরও বেশি রকেট ছোড়ে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ৩৬ দিনের ওই যুদ্ধের পর গোষ্ঠীটি পুনরায় অস্ত্রসজ্জিত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, মঙ্গলবার রাতে নৌবাহিনীর নিয়মিত টহলের সময় ইসরায়েলের উপকূল থেকে ১০০ মাইল দূরে জাহাজটি নজরে আসে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাহাজটিতে পাওয়া অস্ত্রশস্ত্র ইসরায়েলি নগরগুলোতে আঘাত করতে সক্ষম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৩ ঘ.
bdnews24