মেডিসন, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক নির্বাচনের এক বছর পরও অর্থনীতি থেকে আফগানিস্তান যুদ্ধ পর্যন্ত পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের বোঝা বয়ে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার জন্য সবচেয়ে বড় সমস্যা এ বোঝা সামলানো। বুধবার নির্বাচনের বর্ষপূর্তিতে মার্কিনিদের সেকথাই স্মরণ করিয়ে দিয়েছেন ওবামা।
জনসমর্থনের নিুগতির পাশাপাশি মঙ্গলবার ভার্জিনিয়া, নিউ জার্সির গভর্নর নির্বাচনসহ নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভরাডুবি ওবামার রাজনৈতিক অগ্রযাত্রাকে প্রশ্নের সম্মুখীন করেছে। তাই যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচত হওয়ার একবছর পূর্তি কোনও বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন না করে ওবামা ব্যস্ত থেকেছেন অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির বাস্তবায়ন নিয়ে।
বুশের আট বছরের শাসনামলের পর দেশে আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গত বছর ৪ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা। কিন্তু তার প্রতিশ্র"তি এখনও কোনও ফল বয়ে আনছেনা বলে মার্কিনিরা ক্রমেই ধৈর্য হারাচ্ছে।
কিন্তু নির্বাচনের বর্ষপূূর্তির ভাষণে ওবামা তার প্রশাসনের গুরুত্বপূর্ণ কিছু সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি বুশ আমলের অনাকাঙ্খিত সব চ্যালেঞ্জ কাঁধে নিয়ে জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কথাও মার্কিনিদের স্মরণ করিয়ে দিয়েছেন।
ওবামা বলেন, "এক বছর আগে দেশজুড়ে মার্কিনরা ভোট দিয়েছে এবং তারা যে ধরনের ভবিষ্যত প্রত্যাশা করে তার পক্ষে রায় দিয়েছে।"
তিনি আরও বলেন, এ স্বল্প সময়ে তার প্রশাসন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। যা মহা মন্দায় রূপ নেওয়ার হৃমকি সৃষ্টি করেছে। কয়েক প্রজন্মের মধ্যে এমন বাজে পরিস্থিতি আর দেখা যায়নি।
তিনি বলেন, "আমরা রেকর্ড বাজেট ঘাটতি, দুইটি যুদ্ধ, বিশ্বজুড়ে মিত্রতায় ধ্বসের মুখে আছি।"
অর্থনীতির পতন ঠেকাতে তার প্রশাসন দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে বলে জানান ওবামা।
তিনি বলেন, "আমাদের এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। কিন্তু তার মধ্যেও আমরা লক্ষ্য অর্জনে অর্থবহ অগ্রগতি সাধন করেছি।"
ওবামার প্রেসিডেন্সির ৯ মাস পর রিপাবলিকান সমালোচকরা বলছেন, ওবামা বুশের ঘাড়ে দোষ চাপিয়ে নিস্কৃতি পেতে চাচ্ছেন।
সর্বনিু জনসমর্থন নিয়ে বিদায় নিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ। আর এখন স্বাস্থ্যসেবায় রদবদল, বেকারত্বের হার কমানো এবং আফগানিস্তানে সেনা পাঠানোর মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলার লড়াই করতে করতে ওবামার জনসমর্থন ৭০ শতাংশ থেকে নেমে এসেছে ৫০ শতাংশে।
উপরন্তু ভার্জিনিয়া, নিউ জার্সির ভোটে ডেমোক্র্যাটদের পরাজয়ে রাজনৈতিক অবস্থানে আরেকটি ধাক্কা খেলেন ওবামা। হোয়াইট হাউস অবশ্য এই নির্বাচনী ফলকে কোনওভাবেই ওবামার বিরুদ্ধে জনরায় বলে মেনে নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৩ ঘ.
bdnews24