২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে অস্ত্রভর্তি জাহাজ আটকের দাবি ইসরায়েলের

ইসরায়েল বুধবার বলেছে, এর নৌবাহিনী ভূমধ্যসাগরে রকেটসহ অস্ত্রভর্তি একটি মালবাহী জাহাজ আটক করেছে। এসব অস্ত্র ইরানের সমর্থনপুষ্ট লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাজটি একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

জেরুজালেম, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল বুধবার বলেছে, এর নৌবাহিনী ভূমধ্যসাগরে রকেটসহ অস্ত্রভর্তি একটি মালবাহী জাহাজ আটক করেছে। এসব অস্ত্র ইরানের সমর্থনপুষ্ট লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাজটি একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান এসব অস্ত্র সরবরাহ করছিল। ইসরায়েলের উপ-প্রতিরক্ষা মন্ত্রী মাতান ভিনাই আর্মি রেডিওকে বলেছেন, "কাতিউশা (রকেট) পাওয়া গেছে। বেসামরিক লোকজনেও ওপর আঘাত করার জন্যই তা নিয়ে যাওয়া হচ্ছিল।" তিনি অস্ত্রের পরিমাণের উল্লেখ না করে বলেছেন, এখনো জাহাজটির মালামাল খালাস চলছে। তিনি সন্দেহ করছেন, জাহাজটিতে যে অস্ত্র আছে তা ক্রুরা জানতেন। অস্ত্রগুলো কি হিজবুল্লাহর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না এই প্রশ্নে তিনি বলেন, "হ্যাঁ, এই অস্ত্র পেলে গোষ্ঠীটির ইসরায়েলের ভেতর দূরপাল্লার গোলা ছোড়ার ক্ষমতা বাড়ত।" ২০০৬ সালের যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েলের ভেতর চার হাজারেরও বেশি রকেট ছোড়ে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ৩৬ দিনের ওই যুদ্ধের পর গোষ্ঠীটি পুনরায় অস্ত্রসজ্জিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, মঙ্গলবার রাতে নৌবাহিনীর নিয়মিত টহলের সময় ইসরায়েলের উপকূল থেকে ১০০ মাইল দূরে অ্যান্টিগুয়ান পতাকাবাহী জাহাজটি নজরে আসে। ফ্যালকন নামের জাহাজটিতে সাইপ্রাসের কাছাকাছি কোথাও থেকে মাল ওঠানো হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাহাজটিতে পাওয়া অস্ত্রশস্ত্র ইসরায়েলি নগরগুলোতে আঘাত করতে সক্ষম ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১২ ঘ.