২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন কারজাই

আফগানিস্তানে তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগান সরকারে আগাগোড়া সংস্কারের পশ্চিমাদের চাপের মুখেও কারজাই সরকারে ঠাঁই পাচ্ছেন বর্তমান কয়েকজন মন্ত্রী ও টেকনোক্রেটরা। এক মুখপাত্র বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

কাবুল, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগান সরকারে আগাগোড়া সংস্কারের পশ্চিমাদের চাপের মুখেও কারজাই সরকারে ঠাঁই পাচ্ছেন বর্তমান কয়েকজন মন্ত্রী ও টেকনোক্রেটরা। এক মুখপাত্র বুধবার একথা বলেছেন। কারজাইয়ের মুখপাত্র সিয়ামাক হেরাওয়ি রয়টার্সকে বলেন, "কারজাই যে সরকার গড়তে মনস্থির করেছেন তাতে বিশেষজ্ঞ, শিক্ষবিদ ও পেশাজীবীরা বিশেষভাবে ঠাঁই পাবেন।" সিয়ামাক বলেন, "এতে (পরবর্তী মন্ত্রিসভা) নতুন মুখের পাশাপাশি কিছু পুরোনো মন্ত্রীও থাকবেন যারা ভালো কাজ করেছেন।" কারজাই নতুন সরকার তিন সপ্তাহের মধ্যেই ঘোষণা করবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, "আগামী সরকার 'জাতীয় অংশীদারিত্বের' ভিত্তিতেই গঠন করা হবে যেখানে আফগানিস্তানের সব বিক্ষিপ্ত জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে।" আফগানিস্তানের নির্বাচন কমিশন দ্বিতীয় দফা নির্বাচন বাতিল করে দিয়ে হামিদ কারজাইকে প্রেসিডেন্ট ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই তাকে সুশাসন এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে নতুন অধ্যায় রচনার আহ্বান জানিয়েছেন। প্রথম দফা নির্বাচনে ব্যাপক জালিয়াতির প্রমাণ মেলায় দ্বিতীয় দফা নির্বাচন ডাকা হয়েছিল। এ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিপক্ষ প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ সরে দাঁড়ানোর পর নির্বাচন কমিশনের প্রধান কারজাইকে বিজয়ী ঘোষণা করেন। আবদুল্লাহ বুধবার বলেছেন, কারজাই যতটুকু করতে পারবেন আফগানিস্তানে তার চেয়েও ভালো প্রশাসন হওয়া উচিত। তবে তিনি তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। কাবুলে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "জনগণ আইনের শাসনের ভিত্তিতে সংযত থাকবে এবং লক্ষ্য অর্জনে অবৈধ কোনও কর্মকান্ডের আশ্রয় নেবে না বলেই আমি আশা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৩ ঘ.