ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে মার্কিন সেনা বাড়ানোর চিন্তা করলেও সেখানে আর সেনা পাঠাতে ইচ্ছুক নয় ইউরোপের দেশগুলো। ইউরোপীয় কমিশনের প্রধান মঙ্গলবার একথা বলেছেন।
ইউরোপের অনেক দেশেই জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ নাগরিকই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আল-কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কৌশল হিসেবে আরও ৪০ হাজার বিদেশি সেনা পাঠানোর সুপারিশ করেছেন মার্কিন ও ন্যাটোর শীর্ষ কমান্ডাররা।
ওয়াশিংটনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো বলেন, "সত্যিই, ইউরোপ আফগানিস্তানে সেনা পাঠাতে আগ্রহী নয়। আর এটাই ইউরোপের জনমত পরিস্থিতি।"
তবে ডিসেম্বরে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আফগানিস্তানে আরও নতুন সেনা পাঠানোর প্রতিশ্র"তি আসতে পারে বলে ইউরোপীয় মন্ত্রীরা ধারণা করছেন।
ব্যারোসো বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ বাড়ানো এবং শাসন ব্যবস্থার উন্নতির দিকে দৃষ্টিপাত করে একটি সর্বাত্মক কৌশলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তিনি আলোচনা করবেন।
আফগানিস্তানে বর্তমানে ৬৭ হাজার মার্কিন সেনা ও ন্যাটো মিত্রদেশগুলোর ৪২ হাজার সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং পোল্যান্ড সর্বোচ্চ সেনা পাঠিয়েছে। এ দেশগুলো সম্মিলিতভাবে ২১ হাজার সেনা পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৮ ঘ.
bdnews24