ইসলামাবাদ, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি সেনারা দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানদের প্রধান ঘাঁটি এলাকায় প্রবেশ করেছে। এখন সেখানে তল্লাশি অভিযান চলছে। সেনাবাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে।
পাকিস্তানি তালেবান জঙ্গিদের মূলোচ্ছেদ ও পরাজিত করতে গত ১৭ অক্টোবর সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরু করে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সারারোঘা শহরসহ তালেবানদের ঘাঁটি এলাকাগুলোর দিকে তিনদিক থেকে অগ্রসরমান সৈন্যরা সেখানে প্রবেশ করেছে।
"ওই এলাকায় এখন তল্লাশি অভিযান চলছে।"
পাকিস্তানি শহরগুলোতে জঙ্গিদের একের পর এক বোমা ও কমান্ডো ধরনের হামলার পর সেনাবাহিনী এই অভিযান শুরু করেছে। অভিযানের ফলে তালেবানরা তাদের ঘাঁটি এলাকা থেকে ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। পাশাপাশি এর প্রতিশোধও নিতে বোমা হামলাও বাড়ায়।
বৃহস্পতিবার প্রকাশ করা এক জনমত জরিপ ফলাফে জানা গেছে, বেশিরভাগ পাকিস্তানিই ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযানকে সমর্থন করে। তবে সহিংসতার জন্য তারা তালেবানদের চেয়ে যুক্তরাষ্ট্রকে বেশি দোষারোপ করেছে।
গিলানি রিসার্স ফাউন্ডেশনের করা জরিপ অনুযায়ী ৫১ শতাংশ পাকিস্তানি সরকারের এই অভিযানকে সমর্থন করেছে। ফাউন্ডেশনের পক্ষে জরিপটি চালায় গেলাপ ইন্টারন্যাশনালের শাখা 'গেলাপ পাকিস্তান'।
রিসার্স গ্র"পটি বলেছে, "পাকিস্তানিরা দক্ষিণ ওয়াজিরিস্তানে চলমান সামরিক পদক্ষেপকে সতর্ক সমর্থন দিয়েছে।"
দেশব্যাপী জরিপে অংশ নেওয়া লোকদের ১৩ শতাংশ তথা ২৭ শ' জন অভিযানের বিরোধিতা করেছে এবং ৩৬ শতাংশ বলেছে, তারা মতামত জানানোর ব্যাপারে নিশ্চিত নয়।
সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা সামরিক অভিযানকে সমর্থন করলেও মাত্র ২৫ শতাংশ বলেছে এই অভিযানের জন্য তালেবানরাই দায়ী। ৩৫ শতাংশ দোষ চাপিয়েছে যুক্তরাষ্টকে, ৩১ শতাংশ সরকারকে।
৩৬ শতাংশ বলেছে, অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হবে, অন্যদিকে ৩৭ শতাংশের মতে অবনতি হবে।
রিসার্স গ্র"পটি বলেছে, 'এ যুদ্ধ কার' এ প্রশ্নে আগে করা জরিপগুলোর চেয়ে এখন পাকিস্তানিদের মনোভাবে তীক্ষ্ম পরিবর্তন এসেছে। অনেক পাকিস্তানি দীর্ঘদিন থেকে মনে করছিল, সেনাবাহিনী একটি আমেরিকার যুদ্ধে লড়ছে।
"জনমত এখনও এ প্রশ্নে দ্বিধাবিভক্ত। তবে এক বছর আগের তুলনায় এখন অনেক বেশি পাকিস্তানি মনে করছে এটা পাকিস্তানের নিজস্ব যুদ্ধ।"
বর্তমান জরিপে ৩৭ শতাংশের মতে এটা পাকিস্তানের যুদ্ধ তবে ৩৯ শতাংশ এখনো এটাকে দেখছে আমেরিকার যুদ্ধ হিসেবে। গত বছর মাত্র ২৩ শতাংশ বলেছিল, দেশের উত্তর-পশ্চিমে সেনাবাহিনী লড়ছে একটি পাকিস্তানি যুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24