ইয়াঙ্গুন, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জান্তা সরকারের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মিয়ানমারে গেছে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল। গত ১৪ বছরের মধ্যে এটিই মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।
মিয়ানমারে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য জান্তা সরকারকে চাপ দিতেই ওবামা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনীতি এবং আঞ্চলিক শক্তি হিসেবে চীনের উত্থানের কারণেই প্রতিনিধি দল পাঠিয়ে মিয়ানমারের সঙ্গে নতুন করে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়তে চাইছে যুক্তরাষ্ট্র।
মার্কি সহকারি পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেলের নেতৃত্বাধীন এ প্রতিনিধিদল মিয়ামারের নতুন রাজধানী নিপিধোতে জান্তার সঙ্গে বৈঠক করবে। এরপর ইয়াঙ্গুনে বিরোধী দল 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি' নেত্রী গৃহবন্দি অং সান সুচির ও তার দলের সঙ্গেও আলোচনা করবে তারা।
দুই দিনের এ সফরে প্রতিনিধিদল মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে যুক্তরাষ্ট্র্র জানায়, মিয়ানমারের জান্তা সরকারের জেনারেলরা দেশে গণতান্ত্রিক সংস্কারে কতটা আন্তরিক সে বিষয়ে অনুসন্ধানী আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানো হচ্ছে।
অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের মিয়ানমার বিশেষজ্ঞ শন টারনেল বলেন, "যুক্তরাষ্ট্র দেখতে চাচ্ছে আসলেই আলোচনার ক্ষেত্র রয়েছে কিনা।"
এর আগে নিউ ইর্য়কে মিয়ানমারের বিজ্ঞান, প্রযুক্তি ও শ্রম মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ক্যাম্পবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৩০ ঘ.
bdnews24