নিউ ইয়র্ক, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে ছোট ও মাঝারি আকৃতির হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানে ঋণপ্রদানকারী সংস্থা সিআইটি গ্র"প ইনকরপোরেশন রোববার দেউলিয়াত্বের আবেদন করেছে। বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে এর দেওয়া ঋণ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পাশাপাশি তহবিল সংগ্রহ করতে না পারায় নিরুপায় হয়ে দেউলিয়া আইনের নিরাপত্তার আশ্রয় চাইল প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের করপোরেটগুলোর ইতিহাসে দেউলিয়াত্বের আবেদনকারী অন্যতম বড় এ প্রতিষ্ঠানটিকে এ পদক্ষেপ নিতে হবে বলে কয়েকমাস ধরেই প্রত্যাশা করা হচ্ছিল। তাই মার্কিন আর্থিক ব্যবস্থায় নিকট সময়ে এ পদক্ষেপের বড়ধরনের প্রভাব হয়তো পড়বে না। কিন্তু সিআইটির এই দুরবস্থায় নাজুক মার্কিন অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে।
সিআইটির দেউলিয়াত্ব মার্কিন সরকারের জন্যও একটি ধাক্কা কারণ সরকার 'ট্রাবলড অ্যাসেট রিলিফ প্রোগ্রামের' আওতায় গত ডিসেম্বরে এতে ২.৩৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। এই বিনিয়োগের বেশিরভাগ অর্থই এখন লোকসানের খাতে যেতে পারে।
ব্যাংকটির ঋণ ও বন্ডবিনিয়োগকারীদের অর্থ শোধ দেওয়ার পরেই কেবল মার্কিন করদাতারা ওই অর্থ ফেরত পেতে পারেন। তবে দেউলিয়া হওয়ার ফলে অবশ্য প্রথমে সরকারের বিনিয়োগ করা অর্থ উদ্ধারের চেষ্টা হবে।
কোম্পাটির দেউলিয়া হওয়ার বিরুদ্ধে অনেক দিন লড়াই চালিয়ে গেছেন বিনিয়োগকারী কার্ল ইকাহন। তিনি সিআইটির সবচেয়ে বেশি বন্ডগ্রহীতা বলে দাবি করে থাকেন। তব গত সপ্তাহে দুই পক্ষই একটি সমঝোতায় আসে। সিআইটি-কে অর্থপ্রদানকারীদের বেশিরভাগই ইতিমধ্যেই কোম্পানিটির দেউলিয়াত্বের মাধ্যমে পুনর্গঠনের পরিকল্পনা অনুমোদন করেছেন। কোম্পানিটিও বলেছে, এই বছরের শেষ নাগাদ তারা দেউলিয়া অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৭০২ ঘ.
bdnews24