কাবুল, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ রোববার ২য় দফা ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। সরকার ও নির্বাচনী কর্মকর্তারা তার সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি পূরণ করেনি অভিযোগ করে আবদুল্লাহ এ সিদ্ধান্ত জানালেন। তবে তিনি কাউকে ভোট বয়কটের আহ্বান জানাননি।
কাবুলে সমর্থকদের উদ্দেশ্যে আবদুল্লাহ বলেন, "আমি নির্বাচনে অংশ নেব না....... খুব সহজে আমি এ সিদ্ধান্ত নেইনি।"
আবদুল্লাহ আরও বলেন, 'জাতির স্বার্থে' তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।" তবে তিনি কাউকে ৭ নভেম্বরের নির্বাচন বয়কট করতে বলেননি বলেও জানান।
ওদিকে, প্রেসিডেন্ট হামিদ কারজাই শিবির বলেছে, আবদুল্লাহ নির্বাচনে না দাঁড়ালেও ভোট হবে।
কাবুলে আদিবাসী নেতা ও সমর্থকদের বিশাল সমাবেশে বক্তৃতায় আবদুল্লাহ প্রতিপক্ষ হামিদ কারজাইয়ের সঙ্গে কোনও ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে যাওয়ার কথা উল্লেখ করেননি। এতে তার এ ধরনের চুক্তি করার সম্ভাবনা নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল তাতে ব্যর্থতারই আভাস পাওয়া যাচ্ছে।
সমর্থকদের ভোট বয়কটের আহ্বান জানাবেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আবদুল্লাহ বলেন, "আমি সে আহ্বান জানাইনি।"
জালিয়াতির অভিযোগ নিয়ে শেষ হওয়া প্রথম দফা ভোটে বেশির ভাগ ভোট পাওয়া কারজাই ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হবেন বলে ধারণা করা হয়ে আসছে।
কাবুলে নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, "২য় দফা ভোট কতটা বেদনাদায়ক হবে আবদুল্লাহ তা বুঝেছেন। আর তাই মুখ উজ্জ্বল রেখে ২য় দফা ভোট বয়কটের মধ্য দিয়ে কিভাবে সরে দাঁড়ানো যায় সেটিই ছিল তার এ মুহূর্তের ভাবনা।"
কয়েক সপ্তাহের রাজনৈতিক অনিশ্চয়তায় জর্জরিত আফগানিস্তানে ২য় দফা ভোট বানচাল করার তালেবানদের অঙ্গীকার বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ হয়ে আছে।
এ অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চাপের মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে নির্বাচন থেকে আবদুল্লাহর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে আরও টানাপোড়েন এবং বিদ্রোহি সহিংসতা উস্কে দেবে বলেই মনে করছেন বিশ্লেষক ও কূটনীতিকরা।
আবদুল্লাহর সিদ্ধান্তে হোয়াইট হাউস থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আবদুল্লাহ প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতি প্রধান নির্বাচনী কর্মকর্তাকে অপসারণ করার বেঁধে দেওয়ার সময়সীমা শনিবার কোনও ব্যবস্থা ছাড়াই পার হয়। প্রথম দফা নির্বাচনে জালিয়াতির পুনরাবৃত্তি এড়াতে আবদুল্লাহ নির্বাচনী কর্মকর্তা অপসারণের দাবি জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24