২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালাউতে গুয়ানতানামোর ৬ উইগুর

কিউবায় গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে ছয় চীনা উইগুর বন্দিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পালাউতে পাঠিয়েছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ওয়াশিংটন, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবায় গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে ছয় চীনা উইগুর বন্দিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পালাউতে পাঠিয়েছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় শনিবার একথা জানিয়েছে। চীন এ ৬ জনকে দেশে ফেরত পাঠানোর দাবি জানায়। কিন্তু যুক্তরাষ্ট্র জানায়, এদের দেশে ফেরত পাঠানো সম্ভব না। কারণ দেশে গিয়ে তারা নির্যাতনের শিকার হতে পারে। যুক্তরাষ্ট্র কয়েকমাস ধরে তাদেরকে নিতে ইচ্ছুক এমন একটি দেশের খোঁজ করে এসেছে। ৬ উইগুরকে পালাউতে পাঠানোর এ সিদ্ধান্তে চীন ক্ষুব্ধ হবে বলেই মনে করা হচ্ছে। কারণ চীনের নিজের অংশ বলে দাবি করা তাইওয়ানকে যে ২৩ টি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পালাউ তাদের একটি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, পালাউতে পাঠানো ছয়জনকেই মুক্তি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিল বুশ প্রশাসন। এদের নাম, আহমেদ তুরসন, আব্দুল গাফফার আব্দুল রাহমান, এদাম মামেত, আনোয়ার হাসান, দাউত আব্দুরেহিম এবং আদেল নুরি। ৬ উইগুর স্থানান্তরের পর গুয়ান্তানামো বে বন্দিশালায় এখন ২১৫ বন্দি রয়েছে। ২০১০ সালের ২২ জানুয়ারির মধ্যে বন্দিশালাটি বন্ধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে এ লক্ষ্যে পৌঁছানো কঠিন হচ্ছে। 'গুয়ানতানামো রিভিউ টাস্ক ফোর্স' এর প্রধান ম্যাথিউ ওলসেন এক বিবৃতিতে বলেন, "এ বন্দিশালার বন্দিদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার প্রায় শেষ পর্যায়ে রয়েছি আমরা। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি এবং বন্দিদের স্থানান্তরের বিষয়ে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছি। এছাড়া বন্দিদের গ্রহণে সগযোগিতা করার জন্য আমরা পালাউ প্রজাতন্তের প্রতি কৃতজ্ঞ।" বন্দিশালার বাকি বন্দিদের সামরিক কমিশন না মার্কিন অপরাধ আদালতের মুখোমুখি হতে হবে সে বিষয়ে নভেম্বরের মাঝামাঝিতে সিদ্ধান্ত নেবে ওবামা প্রশাসন। তবে ২১৫ জন বন্দির মধ্যে কাউকে কাউকে মুক্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫২ ঘ.