তেগুছিগালপা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- আন্তর্জাতিক চাপের মুখে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে ক্ষমতায় ফিরতে দিতে রাজি হয়েছে। ৪ মাস আগে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে হন্ডুরাসের সেনাবাহিনী।
হন্ডুরাস সঙ্কট সমাধানের শেষ চেষ্টায় এ সপ্তাহে দেশটি সফরে যাওয়া ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের কয়েক দফা চাপের মুখে বৃহস্পতিবার এ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হন্ডুরাসের এ রাজনৈতিক সঙ্কট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈদেশিক নীতিতে মাথাব্যথার কারণ হয়েছিল।
জেলায়াকে আগামী দিনগুলোতে ক্ষমতায় ফিরিয়ে দেওয়া নিয়ে বৃহস্পতিবার দুই প্রতিপক্ষের মধ্যে চুক্তি হওয়ার পর জেলায়া বলেন, "এটি হন্ডুরাসের জন্য গণতন্ত্রের জয়।" তিনি আরও বলেন, "আমরা সন্তুষ্ট। আমার অচিরেই ক্ষমতায় ফেরার ব্যাপারে আমরা আশাবাদী।"
জেলায়াকে ২৮ জুনে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সেনাবাহিনী। কিন্তু জেলায়া গতমাসে হন্ডুরাসে ফেরার পর থেকে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন। হন্ডুরাসের সেনারা দূতাবাস ভবন ঘিরে রাখে।
জেলায়া ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘন্টাপর হন্ডুরাসের অন্তর্বর্র্র্তী সরকারের দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তি বরাবরই জেলায়াকে ক্ষমতা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন।
মিচেলেত্তি বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, "আমি দেশের রাজনৈতিক সঙ্কট অবসানের সূচনা করতে আমার আলোচক দলকে একটি চুক্তি করার কর্তৃত্ব দিয়েছি।"
তিনি বলেন, হন্ডুরাস কংগ্রেসে একটি ভোটের পর জেলায়া ক্ষমতায় ফিরতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩০ ঘ.
bdnews24