জেরুজালেম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েল ও লেবাননের মধ্যে মঙ্গলবার পাল্টাপাল্টি রকেট ও গোলা হামলা হয়েছে। লেবানন থেকে ছোড়া একটি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে গিয়ে পড়লে ইসরায়েলি সেনারা লেবাননে গোলা ছুড়ে এর পাল্টা জবাব দেয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ইসরায়েলি ও লেবানিজ নিরপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে।
ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্তে এ হামলাকে ইসরায়েল খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং লেবানন সরকারকে এর জন্য দায়ী করেছে।
লেবানন থেকে নিক্ষেপিত রকেটটি ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর কিরাত শমোনির একটি ফাঁকা জায়গায় পড়ে। এতে কেউ হতাহত হয়নি।
ইসরায়েলের গোলাতেও লেবাননে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এক লেবানিজ কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলের হৌলা নামের একটি গ্রাম থেকে ওই রকেটটি নিক্ষেপ করা হয়েছে। আরেক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এর পরপরই ইসরায়েল থেকে ওই এলাকাকে লক্ষ্য করে কমপক্ষে আটটি গোলা নিক্ষেপ করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে কেউ রকেট হামলার দায় স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৫ ঘ.
bdnews24