২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহর আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন কারজাই

আফগানিস্তানে ৭ নভেম্বরের দ্বিতীয় দফা নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রধান নির্বাচনী কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানিয়ে যে সময়সীমা বেঁধে দিয়েছেন তা নাকচ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 07:09 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

কাবুল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ৭ নভেম্বরের দ্বিতীয় দফা নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রধান নির্বাচনী কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানিয়ে যে সময়সীমা বেঁধে দিয়েছেন তা নাকচ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আবদুল্লাহ আফগানিস্তানের নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রধানের অপসরণ দাবি করায় কারজাইয়ের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতিপক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন প্রধানের অপসারণ দাবি করেছেন আব্দুল্লাহ। এছাড়া নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তিন মন্ত্রীকে সাময়িক বরখাস্ত করে রাখার দাবি জানিয়েছেন। কারজাইয়ের কার্যালয় থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "আব্দুল্লাহ আমাদের যেসব কর্মকর্তা ও মন্ত্রীদের অপসারণ দাবি করেছেন তারা আমাদের আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে অংশ নেননি। এ কারণেই আমরা তাদের অপসারণ বা বরখাস্ত করতে পারি না।" এতে তিনি আরও বলেন, "এতো স্বল্প সময়ের মধ্যে এ পরিবর্তনগুলো করতে পারব না। আর তা আমাদের জন্য ভালো কিছু না করে দেশের জন্য ক্ষতি বয়ে আনবে।" আব্দুল্লাহ জানান, তিনি শনিবারের মধ্যে নির্বাচন কমিশন প্রধান আজিজুল্লাহ লুধিনকে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে এ সময়ের মধ্যে তার দাবি মানা না হলে তিনি কি পদক্ষেপ নেবেন তা জানাননি। কাবুলে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা এ ব্যাপারে কমিশনের পদক্ষেপ নেওয়ার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। ওই সময় পর্যন্ত আমরা কমিশনের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত রাখব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০৭ ঘ.